আজ- বুধবার | ১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | সন্ধ্যা ৬:০৩
১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২
১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২

কথাশিল্পী রাশেদ রহমানের ৫০তম জন্মবার্ষিকী আজ

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের খ্যাতনামা কথাশিল্পী রাশেদ রহমানের ৫০তম জন্মবার্ষিকী আজ রোববার(৫ নভেম্বর)। তিনি অর্ধশতক পূর্ণ করে পা দিলেন ৫১ বছরে। ১৯৬৭ সালের এই দিনে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর গ্রামের এক সাধারণ কৃষক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জহির উদ্দিন মন্ডল, মায়ের নাম জয়নব বেগম।
স্কুলজীবন থেকেই রাশেদ রহমানের লেখালেখি শুরু। কবিতা, ছোটগল্প ও উপন্যাস লিখলেও মূলত তিনি স্বতন্ত্রধারার গল্পকার হিসেবে সুপরিচিত তিনি। বিভিন্ন সাহিত্য পত্রিকায় নিয়মিত তার লেখা ছাপা হয়। টাঙ্গাইলে বাংলা ছোটগল্পের ‘জাদুকর’ হিসেবেও পরিচিত রাশেদ রহমান।
বাংলা ছোটগল্প এখন আর রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছোটপ্রাণ ছোট ব্যথা/ছোট ছোট দুঃখ কথা’র মধ্যে সীমাবদ্ধ নেই। গল্পের ভাষা-প্রকরণ-অনুষঙ্গ; গল্পবয়ন সবকিছুতেই ঘটছে পরিবর্তন। তারপরও রবীন্দ্রনাথই কথাশিল্পীদের আশ্রয়। আর রবীন্দ্রনাথকে ‘আশ্রয়’ করে যাঁরা এখন ‘নতুন’ গল্প লিখছেন রাশেদ রহমান তাঁদের মধ্যে অন্যতম। তাঁর গল্পভাষা; গল্পবয়ন; পুরনো-প্রাচীন মাটির গন্ধযুক্ত গল্প সবই নতুন! রাশেদ রহমানের গল্প, গল্পের চরিত্র উঠে আসে আমাদের চেনা-পরিচিত নদী-নালা, খাল-বিল, হাওর-বাওর, ক্ষেত-খোলা, বন-জঙ্গল, পালবাড়ি-বেহারাবাড়ি কিংবা কোনো পোড়োবাড়ি থেকে। তাঁর কোনো গল্প যদি সেখানে গল্পকারের নাম নাও থাকে; পড়ে পাঠক ধরে ফেলেন; এই গল্পের সৃজক রাশেদ রহমান।
রাশেদ রহমানের প্রকাশিত গল্পগ্রন্থসমূহ- আগুনঘেরা নদী (১৯৯৭, শিল্পতরু), সুন্দর পাপ ও বিলাসভূমি (২০০০, দিব্যপ্রকাশ), একদিন শুকনো নদীতে (২০০৩, পলল প্রকাশনী), অন্ধকারে বৃষ্টির গান (২০০৫, পলল প্রকাশনী), ঈশ্বরের চোখে জল (২০০৭, পলল প্রকাশনী), জাদুর আয়না (২০০৯, গতিধারা), দেশে আর্মি নামলে যে গল্পের জন্ম হয় (২০১১, গতিধারা), তৌরাতের সাপ (২০১২, গতিধারা), শত্রু কিংবা শত্রুসম্পত্তি (২০১৪, শুদ্ধস্বর) ও গণিকাপ্রণাম (২০১৫, শুদ্ধস্বর)।
আগামী একুশে বই মেলায় প্রকাশিত হবে তার গল্পগ্রন্থ- আধেক মানুষ (কথাপ্রকাশ) ও বিষলক্ষার ছুরি (বেহুলা বাংলা)। প্রকাশিত কাব্যগ্রন্থ- কুমারী নদীর কবিতা (২০০৮, পলল প্রকাশনী), দ্রৌপদীর শাড়ির আগুন (২০১০, গতিধারা) ও ঈশ্বরের খাদ্য ও জননীর কবিতা (২০১৩, গতিধারা); প্রকাশিত উপন্যাস- স্বপ্ন কিংবা স্বপ্নের ছায়া (২০০৬, পলল প্রকাশনী) ও শহীদ সতীশচন্দ্র দাস সড়ক (২০১৭, বেহুলা বাংলা)। রাশেদ রহমান সাহিত্যের ছোট কাগজ ‘উতঙ্ক’ সম্পাদনা করেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়