দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের কাগমারায় প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু যুব সংঘ ক্লাবের অন্তরালে মাদক ব্যবসা পরিচালনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। রোববার(১৬ জুলাই) সন্ধ্যায় কাগমারা ও চরকাগমারাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি কাগমারা থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল পৌরসভা কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন, পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হেলাল ফকির, শহর আওয়ামীলীগের সহ-সভাপতি কোরবান আলী, পশ্চিম আকুর টাকুর পাড়ার মাতব্বর জহুরুল হক, সোনা আকন্দ, কাগমারা এলাকার মাতব্বর হিরু মিয়া, আব্দুর রশিদ, মজনু, কুদ্দুস, সামাদ, আব্বাস মিয়া, ইদ্রিস আলী, আফজাল হোসেন, আরিফুর রহমান রিপন প্রমুখ।
পৌরসভা কার্যালয়ে বঙ্গবন্ধুর নামে ক্লাব গঠন করে স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী এলাকায় অবাধে মাদক ব্যবসা পরিচালনা শুরু করেছেন বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেন। তারা বঙ্গবন্ধুর নাম ভাঙ্গিয়ে এ অপকর্ম করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে বলে এ ক্লাব বন্ধ করতে পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করেন।
ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হেলাল ফকির বলেন, অবাধে মাদক ব্যবসা পরিচালনা জন্য রৌমী থেকে আগত মোস্তফা কামাল চরকাগমারার কতিপয় ব্যক্তিদের নিয়ে সম্প্রতি বঙ্গবন্ধু যুব সংঘ নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করেন। মাদক ব্যবসার হীনউদ্দেশ্য সফল করতে তিনি বঙ্গবন্ধুর নাম জড়িয়ে এই ক্লাব প্রতিষ্ঠা ও ক্লাবের সাধারণ সম্পাদককের দায়িত্ব গ্রহণ করেন। তার ছত্রছায়ায় বঙ্গবন্ধুর নামে ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই এ এলাকা মাদকে সয়লাব হয়ে গেছে।
