কালিহাতী সংবাদদাতা:

টাঙ্গাইলের কালিহাতীতে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ফারুক হোসেন নামে এক যুবককে মঙ্গলবার(৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ধল্লাই মোড় থেকে পুলিশ আটক করেছে। আটককৃত ফারুক হোসেন(২৫) উপজেলার নাগবাড়ি ইউনিয়নের ধানগড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
কালিহাতী সার্কেলের এএসপি রাসেল মনির জানান, কালিহাতী-রতনগঞ্জ আঞ্চলিক সড়কে নাগবাড়ী ইউনিয়নের ধল্লাই মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। এ সময় ফারুক চেক পোস্টের কাছ দিয়ে মুখ ঢেকে হেঁটে যাচ্ছিল। গতিবিধি পুলিশের সন্দেহজনক হওয়ায় তাকে চ্যালেঞ্জ করে। একপর্যায়ে তার কোমর থেকে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল পাওয়া যায়।
তিনি আরো জানান, আটককৃত ফারুক হোসেনের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
