দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ওরফে সুরুজকে অস্ত্র আইনের একটি মামলায় ১৭ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার(১৫ নভেম্বর) বিকালে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনছুর মিয়া অস্ত্র আইনের ১৯ এর ‘এ’ এবং ‘এফ’ এই দুইটি ধারায় এই রায় ঘোষণা করেন। আসামী সাইফুল ইসলাম পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ ২০১৬ সনের ৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর উপজেলার নন্দনপুর খাশসূতি পাড়া এলাকায় আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের বাড়িতে জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) একটি দল অভিযান চালায়। এসময় তিনি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে গোয়েন্দা পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে। তার কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। পরদিন ডিবি পুলিশের এসআই আসাদুজ্জামান টিটু বাদি হয়ে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গোয়েন্দা পুলিশের এসআই মিজানুর রহমান এই মামলা তদন্ত করেন। তদন্ত শেষে তিনি আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। এই মামলায় সর্বমোট আট জন সাক্ষী সাক্ষ্যপ্রদান করেন।
আসামী সাইফুল ইসলাম ওরফে সুরুজ ২০১৬ সনের ৬ অক্টোবর জামিনে মুক্তি পেয়ে তারপর থেকে আদালতে আর হাজির হননি। পরে তার অনুপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নুরুল ইসলম। আসামী পক্ষে ছিলেন, অ্যাডভোকেট একেএম শামীমুল আক্তার শামীম।
