টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের হামিদপুর বাসস্ট্যান্ড চত্বর এলাকায় শুক্রবার(১৫ সেপ্টেম্বর) আওয়ামীলীগের দুই গ্রুপ বিক্ষোভ মিছিল ও সভা আহ্বান করায় স্থানীয় প্রশাসন ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২.০০ টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত হামিদপুর ও আশেপাশের এলাকায় এ আদেশ বলবৎ থাকবে।
জানাগেছে, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর নেতৃত্বাধীন একটি গ্রুপ এবং কারান্তরীণ স্থানীয় সাংসদ আমানুর রহমান খান রানার একটি গ্রুপ হামিদপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও সভা আহ্বান করে। গোলযোগের আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন জানান, ঘাটাইল উপজেলার একটি রাজনৈতিক দলের (আওয়ামীলীগ) দুইটি গ্রুপ একই তারিখে একই সময়ে বিক্ষোভ মিছিলের আহ্বান করায় হামিদপুর বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারার আদেশ জারি করা হয়েছে।
