দৃষ্টি নিউজ:

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ‘ঢাকা টাইমস’ ও অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা টাইমস২৪ডটকম’ এবং সাপ্তাহিক ‘এই সময়’ পত্রিকার সম্পাদক আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকি দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ভূঞাপুর প্রতিনিধি ফরমান শেখ ও ভূঞাপুর উপজেলার সাংবাদিকদের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।মানববন্ধন পরবর্তী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মো. আসাদুল ইসলাম বাবুল।
এ সময় ভূঞাপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম-সম্পাদক সৈয়দ সরোয়ার সাদী রাজু, দপ্তর সম্পাদক ইব্রাহিম ভূইয়া, কার্যকরী সদস্য মো. মিজানুর রহমান, মো. সিরাজুল ইসলাম কিসলু, জুলিয়া পারভেজ, আব্দুল আলীম আকন্দ, ভূঞাপুর জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি আ. রশিদ তালুকদার, সংবাদকর্মী মো. নাসির উদ্দিন, কোরবান তালুকদার, হৃদয় মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সম্পাদক আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, শীর্ষ সন্ত্রাসী শাহাদাত ও সুব্রত বাইন পরিচয় দিয়ে চাঁদা দাবি অত্যন্ত উদ্বেগের বিষয়। যখন দেশে সন্ত্রাসী, চাঁদাবাজ, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে ‘শুদ্ধি অভিযান’ চলছে- তখন এ ধরণের ঘটনা নতুন করে আতঙ্কের জন্ম দেয়। সন্ত্রাসী ও চাঁদাবাজদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান বক্তারা।
