দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে ধনবাড়ী উপজেলা সদরের খাদ্যগুদাম এলাকায় রোববার(২ ফেব্রুয়ারি) ভোরে ট্রাক চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পাখাডুবি গ্রামের সুরুজ্জামানের ছেলে মো. হুমায়ুন কবীর; অপরজনের নাম-ঠিকানা জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার ভোরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে ধনবাড়ী উপজেলার খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় জামালপুরগামী একটি ট্রাক দুই পথচারীকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই ওই দুই পথচারীর মৃত্যু হয়।
ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া এ সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুতগামী ট্রাকটি পথচারীদের চাপা দিয়ে পালিয়ে গেছে। তাদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
