
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল শহরের আকুর-টাকুর পাড়া বটতলা মোড় এলাকার বটতলা ক্লাবে জুয়া খেলার সময় সোমবার(২৯ এপ্রিল) রাতে সরঞ্জামাদী সহ ৩২জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
এ সময় তাদের কাছ থেকে ৪৩ হাজার ১৯০ টাকা, বিভিন্ন রঙের ৪৩৯টি তাশ, জুয়া খেলার ১৫০টি কয়েন উদ্ধার করা হয়। মঙ্গলবার(৩০ এপ্রিল) দুপুরে তাদেরকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) দক্ষিণের উপ-পরিদর্শক(এসআই) আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আকুর-টাকুর পাড়া বটতলা মোড় এলাকার বটতলা ক্লাবে ডিবি’র একটি দল অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৩২ জুয়াড়িকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জুয়াড়িদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করা হয়। এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত জুয়াড়িদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
