
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের পাঁচচামারি গ্রাম থেকে বৃহস্পতিবার(৯ এপ্রিল) সকালে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর।
পুলিশ জানায়, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন। স্থানীয়রা তাকে বেশ কিছুদিন ধরে ময়লা ও ছেঁড়া জামা-কাপড় পড়ে ঘুরাঘুরি করতে দেখে। বুধবার(৮ এপ্রিল) রাতে কোন এক সময় ওই ব্যক্তি মারা যায়। বৃহস্পতিবার সকালে মরদেহে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, ‘অজ্ঞাত ব্যক্তির মৃতদেহে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
