
মির্জাপুর সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা গ্রামে বৃহস্পতিবার(২ মে) বিকালে গলায় ওড়না পেঁচিয়ে মর্জিনা বেগম(২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহত মর্জিনা পাকুল্যা গ্রামের মো. কাদের মিয়ার মেয়ে।
এলাকাবাসী জানায়, মর্জিনা সাত মাস আগে বিয়ে করে স্বামী নিয়ে বাবার বাড়ি থাকতেন। তারা বুধবার(১ মে) মেয়ের বাবার বাড়ির প্রতিবেশী মান্নান ভূইয়ার বাসা ভাড়া নেয়। বৃহস্পতিবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। স্বামীর সাথে ঝগড়ার জের ধরে ভাড়াটিয়া বাড়ির ঘরের ভেতরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুঁলে মর্জিনা আত্মহত্যা করে। এ ঘটনার পর ঘরের জানালা ভেঙ্গে স্বামী রিপন পালিয়ে যায়। ইতিপূর্বে নিহত মর্জিনার আরও দুটি বিয়ে হয়েছিল এবং সাত বছরের একটি ছেলে রয়েছে বলেও জানা যায়।
এ বিষয়ে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) একেএম মিজানুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
