দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউপি সদস্য মীর রুহুল আমিন রনি সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। তাকে গুরুতর আহত অবস্থায় মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানায় দাখিলকৃত অভিযোগপত্র সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার লতিফপুর সোনাতলী গ্রামের মো. আলমাছ সিকদারের ছেলে সাইফুল ইসলাম(২৫), মোন্তাজ সিকদারের ছেলে আলমাছ সিকদার(৫৫) সহ রবিন (২৩), আকাশ (২২), ইমরান(২৫) পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় ইউপি সদস্য মীর রুহুল আমিন রনির উপর সম্প্রতি বান্দারচালা বাজারে চাপাতি ও লোহার রড নিয়ে হামলা করে। এতে রনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, মীর কাইয়ুম হোসেন, হারুন অর রশিদ জানান, ইউপি সদস্য রনিকে নিয়ে আমরা বান্দারচালা বাজারে চা স্টলে বসেছিলেন। এসময় আলমাছের নেতৃত্বে একদল সন্ত্রাসী রনির উপর হামলা চালায়।
অপরদিকে, সোমবার(২৭ জানুয়ারি) বিকালে মির্জাপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও এলাকাবাসীর উদ্যোগে ছলিমনগর খেলার মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সায়েদুর হক ভূইয়া জানান, তিনি অভিযোগ পেয়েছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
