দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মির্জাপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। রোববার(১২ নভেম্বর) সন্ধায় ওই ছাত্রী টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামানের আদালতে জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানায়, মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের তেলিনা গ্রামের তেলিনা দাখিল মাদ্রাসার ওই ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে পার্শ্ববর্তী চিতেশ্বরী গ্রামের মিজান খানের ছেলে এক সন্তানের জনক শাহীন আলমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত ৩ নভেম্বর শাহীন মেয়েটিকে ফুঁসলিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। এরপর তাকে নিয়ে উধাও হয়। দুই দিন পরও মেয়েকে না পেয়ে গত ৫ নভেম্বর মেয়েটির বাবা মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
পুলিশ শনিবার(১১ নভেম্বর) রাতে কৌশলে মেয়েটিকে চিতেশ্বরী গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করে। এ ঘটনায় মেয়েটির বাবা শনিবার রাতেই মির্জাপুর থানায় মামলা(নং-১৬, তাং-১১/১১/২০১৭ইং) দায়ের করেন।
মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির এসআই মো. আলাউদ্দিন জানান, রোববার সন্ধায় মেয়েটিকে টাঙ্গাইলের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে ভিকটিমকে বিভিন্ন জায়গায় নিয়ে শাহীন তার অমতে ধর্ষণ করেছে বলে জবাববন্দিতে উল্লেখ করেছে।
