শেষ মুহূর্তে জমে উঠেছে টাঙ্গাইলের বৃহত্তর গোবিন্দাসী গরুর হাট

D
Dristy TV
টাঙ্গাইল প্রকাশিত: ২৬ মে ২০২৬, বিকাল ০৪:৪৫
শেষ মুহূর্তে জমে উঠেছে টাঙ্গাইলের বৃহত্তর গোবিন্দাসী গরুর হাট

দৃষ্টি রিপোর্ট:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শেষ মুহূর্তে জমে উঠেছে টাঙ্গাইল জেলার বৃহত্তম গোবিন্দাসী গরুর হাট। হাটজুড়ে এখন দেশীয় গরুর সমারোহ। ছোট, মাঝারি ও বড় আকারের গরু নিয়ে হাজির হয়েছেন খামারি ও ব্যবসায়ীরা। তবে এবার বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর প্রতিই ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, হাটে হাজারো গরুর হাঁকডাকে মুখর পুরো বাজার এলাকা। সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা খামারি ও ব্যবসায়ীরা তাদের গরু নিয়ে বসেছেন।

বিক্রেতারা জানান, হাটে পর্যাপ্ত পশুর সরবরাহ রয়েছে। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতার চাপও বাড়ছে। নিরাপত্তা ব্যবস্থাও সন্তোষজনক। তাদের আশা, ঈদের আগের দিনগুলোতে বেচাকেনা আরও জমে উঠবে।

হাটে আসা ক্রেতারা বলেন, গত বছরের তুলনায় এ বছর গরুর দাম কিছুটা সহনীয় হলেও ছোট ও মাঝারি গরুর দাম এখনো তুলনামূলক বেশি। কারণ সাধারণ মানুষের বাজেটের মধ্যে এসব গরুর চাহিদাই বেশি।

হাট পরিচালনা কমিটির অন্যতম সদস্য ফরহাদ তালুকদার বলেন, হাটে কোরবানির পশুর কোনো সংকট নেই। ক্রেতা ও বিক্রেতাদের সার্বিক সহযোগিতার জন্য আমরা প্রয়োজনীয় লোকবল নিয়োজিত রেখেছি। প্রশাসনও আমাদের সহযোগিতা করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। ঈদের আগের দিন পর্যন্ত এই হাটে বেচাকেনা চলবে।

একই বিষয়ের আরও খবর