দৃষ্টি রিপোর্ট:
টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ শহরে ঝটিকা মিছিল করার পর ছাত্রদল ও যুবদল পাল্টা মিছিল করেছে। রোববার(২১ জুন) সকাল সাড়ে নয়টার দিকে শহরের ভিক্টোরিয়া রোডে ৮ থেকে ১০ জন কর্মী ঝটিকা মিছিল করে। এ সময় তারা ‘শেখ হাসিনার আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেয়। প্রায় ৫ মিনিটের ওই মিছিলে সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ছবি সহ ব্যানার প্রদর্শন করতে দেখা যায়।
পুলিশের ধারণা, পলাতক আওয়ামীলীগ নেতা ছোট মনির সমর্থকরা ওই ঝটিকা মিছিল করে। মিছিলে অংশ নেওয়ায় টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান আশিককে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে।
এদিকে, ছাত্রদের মিছিলের প্রতিবাদে শহরে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুব দলের নেতাকর্মীরা পাল্টা বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের যেকোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দেয়।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রুহুল আমিন জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী ঝটিকা মিছিল বের করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। সেখান থেকে আশিক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মিছিলের ফুটেজ যাচাই-বাছাই করে সনাক্ত(চিহ্নিত) করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।