দৃষ্টি নিউজ:
আগামি অর্থবছরের জাতীয় বাজেটে তামাক পণ্যের উপর কর বৃদ্ধি ও বর্ধিত মূল্য নির্ধারণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ) এর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সচেতন নাগরিক ও বিড়ি শ্রমিকরা অংশগ্রহণ করে।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে তামাক ব্যবহারের হার উদ্বেগজনক, সর্বোচ্চ ৩৫.৩শতাংশ। তামাকজনিত রোগের প্রতিবছর প্রায় ২ লাখ মানুষের অকালমৃত্যু ঘটেছে- যা একটি গুরুতর জনস্বাস্থ্য সংকট নির্দেশ করে। তাছাড়া ২০২৪ সালে তামাক ব্যবহারের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ প্রায় ৮৭ হাজার কোটি টাকা- যা এই খাত থেকে অর্জিত আয়ের দ্বিগুণেরও বেশি। এই ক্ষতি কমাতে, তামাক খাতকে শুধু রাজস্ব আয়ের দৃষ্টিকোণ থেকে না দেখে, কার্যকর কর আরোপের মাধ্যমে তামাকজাত পণ্যের দাম বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই।
ওই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন, ডরপ-এর তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জেবা আফরোজা, অ্যাডভোকেসি কো অর্ডিনেটর শিলভানা আক্তার, টাঙ্গাইল আঞ্চলিক বিড়ি শ্রমিক সংগঠনের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, সদস্য জয়নব বিবি, সাংবাদিক বোরহান তালুকদার প্রমুখ।