নাগরপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ‘অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে নাগরপুর খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলুর সহধর্মিণী মনোয়ারা বেগম ওই কার্যক্রমের উদ্বোধন করেন।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম রাশেদুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুক্তা রানী সাহা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম প্রমুখ।
খাদ্য বিভাগ সূত্রে জানাগেছে, চলতি বোরো মৌসুমে নাগরপুর উপজেলায় সরকারিভাবে এক হাজার ৬৯৭ মেট্রিক টন ধান এবং ৬৭৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।