দৃষ্টি রিপোর্ট:
প্রধান মন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশজুড়ে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই ভাইরাল কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারটিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তারটিয়া কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজা নামাজের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং কবির হোসেনের পরিবারের পাশে থেকে সব সময় সহযোগিতা করার আশ্বাস দেন। একই সাথে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
মরহুমের জানাজা নামাজে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সহ-সভাপতি মীর ফরহাদ আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান, স্থানীয় কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। পরে তাকে তারটিয়া কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।
দাফন শেষে উপস্থিত সবাই মরহুম কবির হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন এবং শোকাহত পরিবারের জন্য ধৈর্য ধারণে দোয়া করেন। তার এই আকষ্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশ, কৃষক কবির হোসেন মঙ্গলবার (২৩ জুন) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি এক ছেলের জনক।
কবির হোসেন টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারাটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয় এবং বিভিন্ন মহলে আলোচনার জন্ম দেয়। পরে তাকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়িয়ে পড়ে। কেউ কেউ তাকে প্রকৃত কৃষক নন বলে দাবি করলেও সাংবাদিক ও কৃষি বিভাগের কর্মকর্তারা তার বাড়ি ও কৃষিজমি পরিদর্শন করে তাকে একজন সক্রিয় কৃষক হিসেবে নিশ্চিত করেন।