সড়কের মাঝ থেকে বৈদ্যুতিক খুঁটি অপসারণ

D
Dristy TV
ঢাকা প্রকাশিত: ১৩ মে ২০২৬, দুপুর ০১:৫৩
সড়কের মাঝ থেকে বৈদ্যুতিক খুঁটি অপসারণ

দৃষ্টি রিপোর্ট:

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া-আড়াইপাড়া সড়কে কচুয়া বাজার অংশে রাস্তার মাঝে থাকা বৈদ্যুতিক খুঁটি অবশেষে অপসারণ করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হকের নির্দেশে বুধবার(১৩ মে) খুঁটিটি অপসারণ করা হয়।

জানা যায়, কচুয়া-আড়াইপাড়া সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই সিসি ঢালাই করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কের মাঝখানে খুঁটি থাকায় যান চলাচলে চরম দুর্ভোগ তৈরি হয়। বিশেষ করে বাজার এলাকায় প্রতিদিন অটোরিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়, পথচারীরাও ভোগান্তিতে পড়েন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সমালোচনার সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে। বিষয়টি টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হকের নজরে আসা মাত্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সড়কের মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটিটি অপসারণ করার ব্যবস্থা করেন।

এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্র্রেট শরীফা হক জানান, যেকোনো ধরনের জনদুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন সর্বদা সোচ্চার রয়েছে। সখীপুর উপজেলার কচুয়া-আড়াইপাড়া সড়কের কচুয়া বাজারে বৈদ্যুতিক খুঁটি থাকায় যান চলাচলে চরম দুর্ভোগ তৈরি হয়েছিল। বিষয়টি গোচরীভুত হওয়ামাত্রই দ্রুততম সময়ের মধ্যে সড়কের মাঝখান থেকে বৈদ্যুতিক খুঁটিটি অপসারণ করার জন্য সখীপুর উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব দেওয়া হয় এবং দ্রুত সময়ের মধ্যে তা অপসারণ করা হয়েছে।

একই বিষয়ের আরও খবর