মধুপুর প্রতিনিধি:
টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে মধুপুরে রাস্তা পার হতে গিয়ে প্রাইভেটকারের চাপায় এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে আঞ্চলিক মহাসড়কে মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের নেকিবাড়ি বাসস্ট্যাণ্ডে ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এদিন সকালে নেকিবাড়ি বাসস্ট্যাণ্ড এলাকায় আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল আঙুলের ছাপ ও প্রযুক্তির সহায়তায় নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।