ইউটিউবারের নামে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা

D
Dristy TV
টাঙ্গাইল প্রকাশিত: ২৩ জুন ২০২৬, বিকাল ০৩:০৩
ইউটিউবারের নামে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা

দৃষ্টি রিপোর্ট:

টাঙ্গাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অসত্য সম্মান হানিকর সংবাদ প্রচারে সংক্ষুব্ধ হয়ে হাদি চকদার নামে এক ইউটিউবারের বিরুদ্ধে টাঙ্গাইলের আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার(২৩ জুন) টাঙ্গাইলের বিজ্ঞ অতিরিক্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট(সদর থানা) আমলী আদালতে ২০১২ সালের পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১) (২)(৩) ধারায় দৈনিক টাঙ্গাইল প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো. শফিকুল ইসলাম ভূঞা মামলাটি(সিআর ১৩৫১/২০২৬) দায়ের করেন।

মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, ভূঞাপুর উপজেলার বীরহাটি গ্রামের ছোবহান মেকারের ছেলে মো. হাদি চকদার ‘Hady Chakder’ নামীয় ফেসবুক আইডি ব্যবহার করে নানা নামীয় ফেসবুক গ্রুপে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, অসত্য, আপত্তিকর, অল্লীল ছবি বিকৃতি ও প্রচার করেছে। এতে তার পারিবারিক ও সামাজিক মান-সম্মান ক্ষুন্ন হয়েছে বিধায় পর্ণোগ্রাফি আইনের ৮(১) (২) (৩) ধারায় মামলা দায়ের করেছেন। দৈনিক টাঙ্গাইল প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো. শফিকুল ইসলাম ভূঞা মামলায় পাঁচজন সাক্ষীর নাম-পরিচয় উপস্থাপন করে সুবিচারের আবেদন করেছেন।

টাঙ্গাইলের বিজ্ঞ অতিরিক্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট(সদর থানা) আমলী আদালতের বিচারক মো. গোলাম মাহবুব খাঁন মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশকে(ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির একাধিক সিনিয়র আইনজীবী জানান, কোন ব্যক্তির আপত্তিকর, অল্লীল ছবি বা ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে পারিবারিক ও সামাজিক মান-সম্মান ক্ষুন্ন করলে এবং মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অসত্য সম্মান হানিকর সংবাদ প্রচার করা হলে ২০১২ সালের পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দন্ডিত হওয়ার বিধান রয়েছে।

এ বিষয়ে দৈনিক টাঙ্গাইল প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও মামলার বাদী মো. শফিকুল ইসলাম ভূঞা বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ফেসবুকের মাধ্যমে আমার সামাজিক ও পারিবারিক মান-সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। তাই প্রতিকারের আশায় আদালতে মামলা দায়ের করেছি। আইন আইনের গতিতে চললে আমি ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ।

একই বিষয়ের আরও খবর