দৃষ্টি নিউজ:

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের(টিইউজে) উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) বাদ যোহর টাঙ্গাইল প্রেসক্লাব কমপ্লেক্স মার্কেটে টিইউজের কার্যালয়ে ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের(টিইউজে) সভাপতি শামসাদুল আখতার শামীমের সভাপতিত্বে ওই দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মির্জা মাসুদ রুবল, টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, টিইউজের কোষাধক্ষ্য মহিউদ্দিন সুমন, যুগ্ম-সম্পাদক শফিকুজ্জামান খান মোস্তফা, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সভাপতি মাসুদুর রহমান মিলন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, টিইউজের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন।
সাংবাদিক নেতারা বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আশা আকাঙ্খার প্রতীক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে এসে আবার তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশকে গড়ে তুলতে অংশ নিতে পারেন- সেজন্যই আজকের এই আয়োজন।
বক্তারা আরো বলেন, শত জুলুম-নির্যাতন সত্তে¡ও তিনি দেশ ছেড়ে কোথাও যাননি। দেশের মানুষের সঙ্গেই তিনি ছিলেন। দীর্ঘদিন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন। দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তার অবদান অনস্বীকার্য। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক এই কঠিন মুহূর্তে বেগম খালেদা জিয়ার উপস্থিতি খুবই জরুরি।
শেষে দোয়া পরিচালনা করেন, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মনিরুল ইসলাম।
