দৃষ্টি নিউজ:

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান করোনা পরবর্তী নানা শারীরিক জটিলতায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে তিনি না ফেরার দেশে চলে যান।
তার পারিবারিক সূত্র জানায়, খন্দকার মুনীরুজ্জামান জ্বরে আক্রান্ত হন। এরপর পরীক্ষায় তার করোনা পজেটিভ এলে তিনি শান্তিনগরে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে শনিবার (৩১ অক্টোবর) রাতে তাকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ২১ দিন লড়াই করার পর তার করোনা রেজাল্ট নেগেটিভ আসে।
কিন্তু করোনা পরবর্তী নানা জটিলতা ও ধকল সইতে না পেরে সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। সংবাদের বার্তা সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী রফিক এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন৷
ফেসবুকে তিনি লেখেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বিশিষ্ট সাংবাদিক, সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, আমার প্রিয় মুনীর ভাই আর নেই।
আজ মঙ্গলবার ভোরে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওনার আত্মার শান্তি কামনা করে দোয়া করবেন সবাই।’
