নাগরপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের মীরনগর ২নং ওয়ার্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শামছুল খান নামে এক ব্যক্তির বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল ভস্মীভূত হয়ে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানা যায়, এদিন রাতে হঠাৎ ঘর থেকে প্রতিবেশীরা আগুনের শিখা দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ঘরের ভেতরের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বিশেষ করে বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তা বিষয়ে সবাইকে আরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
নাগরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
