দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন পরিবর্তনের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে জেলা বিএনপির একাংশের নেতাকর্মী ও সমর্থকরা। সোমবার(৮ ডিসেম্বর) দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মৌন মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে পৌর উদ্যানে এসে সমবেত হয়। সেখানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে মৌন মিছিল বের করা হয়।
টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিমের সভাপতিত্বে মৌন মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রৌফ, সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, মামুন সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক তরিকুল ইসলাম ঝলক, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।
বক্তারা বলেন, টাঙ্গাইল সদর আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির দখলে রয়েছে। এবার বহিরাগত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুকে দলীয় মনোনয়ন দেওয়ায় আসনটি হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখানে সদরের ছেলেকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির হাই কমান্ডের কাছে বিশেষ অনুরোধ রইল। তারপরও বিএনপির হাইকমান্ড নির্বাচনের বিষয়ে যে সিন্ধান্ত নেবে আমরা সেটাই মেনে নেব।
