দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) প্রথম জানাজা সোমবার(২ মার্চ) বেলা ১২টায় টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাডে অনুষ্ঠিত হয়েছে। কোর্ট বিল্ডিং মসজিদের পেশ ইমাম মওলানা হাফিজুর রহমান ওই জানাজা নামাজে ইমামতি করেন।
এদিন বিকাল ৩টায় সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা নামাজ শেষে স্থানীয় সামাজিক গোরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
মরহুমের প্রথম জানাজা নামাজে কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় সদস্য ও কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইলের সাবেক পিপি এস আকবর খান, টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান আলম, সাধারণ সম্পাদক সাদিউর রহমান স্বপন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আলো, মো. আইয়ুব আলী, শামীমুল আক্তার শামীম, সাবেক সাধারণ সম্পাদক শাহান শাহ সিদ্দিকী মিন্টু, মহসিন সিকদার, শামসুদ্দিন শামস, গণসঙ্গীত শিল্পী এলেন মল্লিক, টাঙ্গাইল জেলা সিপিবির সভাপতি নাছিমুল আক্তার সেলিম, সখীপুরের গজারিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন সখীপুরী, অ্যাডভোকেট আনিছুর রহমান খান হুমায়ুন সহ রাজনৈতিক কর্মী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, মরহুমের দ্বিতীয় জানাজা সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় সামাজিক গোরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। এর আগে গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল রোববার(১ মার্চ) রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তার মরদেহ দেশে আনা হয়।
মরহুম জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি জেলা ছাত্রলীগের সভাপতি ও করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের দুই মেয়াদে ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ‘ভিপি জোয়াহের’ হিসেবে সমধিক পরিচিত ছিলেন।
