আজ-বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২, ৭ শাওয়াল ১৪৪৭

স্বাধীনতা শেখ হাসিনা বা তার বাবার সম্পত্তি নয়, এটি জনগণের: জ্বালানি মন্ত্রী

D
Dristy TVপ্রকাশ: ২৬ মার্চ, ২০২৬ বিকেল ০৪:১১
স্বাধীনতা শেখ হাসিনা বা তার বাবার সম্পত্তি নয়, এটি জনগণের: জ্বালানি মন্ত্রী

সিরাজগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তিনি যদি বীরত্বের সঙ্গে মুক্তিযোদ্ধাদের পাশে না দাঁড়াতেন, তবে বাংলাদেশের স্বাধীনতা অর্জন এত সহজ হতো না।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ মন্ত্রী বলেন, দেশের মহান স্বাধীনতা শেখ হাসিনা বা তাঁর বাবা শেখ মুজিবুর রহমানের পৈত্রিক সম্পত্তি নয়; এটি এ দেশের আপামর জনগণের অর্জন। স্বাধীনতার চেতনাকে বিকৃত করে ব্যক্তিস্বার্থে ব্যবহার করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

ধর্ম ও রাষ্ট্রব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, আমরা আল্লাহর বিধানের মধ্যেই আছি। নতুন করে আমাদের মুসলমান হওয়ার প্রয়োজন নেই। ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের বাস্তব চিত্র পাকিস্তান—সেখানে এর ফলাফল আজ বিশ্ববাসীর কাছে স্পষ্ট।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, শার্টের পকেটে বা বুকে শুধু ‘অতন্দ্র প্রহরী’ পরিচয়ের ব্যাজ ধারণ করলেই দায়িত্ব শেষ হয় না; বাস্তব ক্ষেত্রেও সেই মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে। তাঁদের উপস্থিতি ও ভূমিকার মাধ্যমে দেশ ও জনগণের নিরাপত্তায় অবদান রাখার আহ্বান জানান তিনি।

জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। আগে যে পেট্রোল পাম্পে দুই-এক দিনেও তেল শেষ হতো না, এখন সরবরাহ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তেল ফুরিয়ে যাচ্ছে—এত তেল কোথায় যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে তেল পাম্প ও ডিপোতে চুরি প্রতিরোধে পুলিশ ও প্রশাসনের পাশাপাশি মুক্তিযোদ্ধাদেরও ‘অতন্দ্র প্রহরী’র ভূমিকায় এগিয়ে আসতে হবে। তাহলেই তাঁদের এই মর্যাদাপূর্ণ পরিচয়ের যথার্থতা প্রমাণিত হবে।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু।

পরে সিরাজগঞ্জ জেলার অবহেলিত বিভিন্ন স্মৃতিসৌধের সংরক্ষণে জেলা প্রশাসককে নির্দেশ দেন মন্ত্রী। কোনও স্মৃতিফলকে বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্মিলিত তালিকা ভঙ্গুর বা ভেঙে গেলেও সেটি মেরামতের নির্দেশ দেন।