রাজনীতি

মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয় উদ্বোধন

মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয় উদ্বোধন

মির্জাপুর প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে বাইপাস মুশফিকা টাওয়ারে উপজেলা অফিসের উদ্বোধন করা হয়। উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অফিস উদ্বোধন করেন এনসিপি টাঙ্গাইল জেলা আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন।এনসিপি মির্জাপুর উপজেলা শাখার আহবায়ক আকাশ বাবু উজ্জলের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট লিটন হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, এনসিপি টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, খেলাফত মজলিশের উপজেলা সভাপতি আসাদুজ্জামান সিটু, বাংলাদেশ খেলাফত মজলিশের মির্জাপুর উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মুনরুজ্জামন, এনসিপি টাঙ্গাইল জেলা যুগ্ম আহবায়ক স্থপতি মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদকজ নাজমুল হোসেন, যুব শক্তির জেলা যুগ্ম আহবায়ক জোবাইদুল ইসলাম নিঝুম প্রমুখ।

০২ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি কর্মী নিয়োগ নিয়ে মালয়েশিয়ার ভিন্নমত

বাংলাদেশি কর্মী নিয়োগ নিয়ে মালয়েশিয়ার ভিন্নমত

দৃষ্টি ডেস্ক:আগামি ছয় মাসে মালয়েশিয়া প্রায় ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ করবে-বাংলাদেশের এক প্রতিমন্ত্রীর এমন বক্তব্য মালয়েশিয়া সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয় বলে জানিয়েছেন দেশটির সরকারি মুখপাত্র দাতুক সেরি ফাহমি ফাদজিল। তিনি বলেন, ‘মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর রামানান তাকে জানিয়েছেন, ওই বক্তব্য একজন জুনিয়র মন্ত্রী দিয়েছেন। তাই এটিকে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে বিবেচনা করা উচিত নয়।’সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটি বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের প্রতিনিধিত্ব করে না। মানবসম্পদ মন্ত্রী আমাকে এটাই জানিয়েছেন। সুতরাং এটি কোনো আনুষ্ঠানিক অবস্থান নয়।এর আগে গতকাল মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছিলেন, আগামী ছয় মাসে মালয়েশিয়া প্রায় ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করছে। কর্তৃপক্ষের অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। চলতি সেপ্টেম্বরের শেষ দিকে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে পরবর্তী ছয় মাসের মধ্যে তা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।এর আগে গত জুন মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন।শ্রমিকদের শোষণ, ঋণের দায়ে জিম্মি করে রাখা, জোরপূর্বক শ্রমে নিয়োজিত করা এবং প্রতিশ্রুত চাকরি ছাড়াই কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর মতো অভিযোগের পর ২০২৪ সালে বাংলাদেশি কর্মী নিয়োগে বিধিনিষেধ আরোপ করেছিল মালয়েশিয়া।দেশটির সংবাদমাধ্যম দ্য নিউ স্ট্রেইটস টাইমস (এনএসটি) বলছে, মালয়েশিয়া বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নেওয়ার সময় নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগের এই দাবি সামনে এসেছে। এদিকে, ২০৩০ সালের মধ্যে দেশটির মোট শ্রমশক্তিতে বিদেশি কর্মীর হার প্রায় ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের।

০২ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে :: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে :: সুলতান সালাউদ্দিন টুকু

দৃষ্টি রিপোর্ট:বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। বিএনপির নেতৃত্বে এ দেশের মানুষ গণতন্ত্র লালন করছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর আন্দোলন করেছেন- গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তাঁর আন্দোলনের মধ্য দিয়েই আজকের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। যতবার গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, ততবারই বিএনপি গণতন্ত্রকে তুলে ধরেছে এবং প্রতিষ্ঠিত করেছে। আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, বিএনপি কখনো গণতন্ত্রের বিপক্ষে যায়নি।তিনি বলেন, বিএনপিকে কেউ রাজাকার বলতে পারে না। কারণ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল হচ্ছে বিএনপি। বিএনপিকে কেউ ফ্যাসিবাদী বা স্বৈরাচারও বলতে পারে না। কারণ বিএনপির নেতৃত্বেই ফ্যাসিবাদের পতন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে এবং বিএনপির হাত ধরেই গণতন্ত্রের বিজয় হয়েছে।জনসভায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলী ইমাম তপন, যুবদলের সাবেক আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ প্রমুখ।জনসভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিকাল ৪টা ১০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের হাজারো নেতাকর্মী মাথায় ক্যাপ ও গায়ে গেঞ্জি পরে পৃথক পৃথক র‌্যালি নিয়ে শহিদ স্মৃতি পৌর উদ্যানে এসে জনসভায় অংশ নেন।

০১ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর আইনশৃঙ্খলা ও উন্নয়নের দায়িত্বে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রাজধানীর আইনশৃঙ্খলা ও উন্নয়নের দায়িত্বে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

দৃষ্টি নিউজ:দেশের আইনশৃঙ্খলা, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছে সরকার। এরমধ্যে রাজধানী ঢাকার দায়িত্ব পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের।প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক জরুরি কর্মসূচি হচ্ছে টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূল নিশ্চিত করা। এসব কার্যক্রম বাস্তবায়নে মাঠ পর্যায়ে আরও কার্যকর তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে এই দায়িত্ব বণ্টন করা হয়েছে।রাজধানী ঢাকার মতো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব সুলতান সালাউদ্দিন টুকু এমপিকে দেওয়াকে তাঁর প্রতি সরকারের আস্থা ও প্রত্যাশার গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। নতুন দায়িত্বে তিনি ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনকল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রমের তদারকিতে ভূমিকা রাখবেন।এদিকে, টাঙ্গাইলের সন্তান সুলতান সালাউদ্দিন টুকু রাজধানী ঢাকার মতো গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব পাওয়ায় টাঙ্গাইলবাসীর মধ্যেও আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করছেন, জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা টুকুর ওপর ঢাকার মতো গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব অর্পণ টাঙ্গাইলের জন্যও গর্বের বিষয়।

২৭ আগস্ট ২০২৬

‘আটিয়া বন অধ্যাদেশ’ বাতিল করে ছাড়বো ইনশাল্লাহ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

‘আটিয়া বন অধ্যাদেশ’ বাতিল করে ছাড়বো ইনশাল্লাহ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

দৃষ্টি রিপোর্ট:মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, আটিয়া বন অধ্যাদেশ ৮২’র একটি কালো আইন। এই আইন বাতিল করার জন্য আমি বন ও পরিবেশ মন্ত্রীকে বলেছি, বারবার বলব; বহুবার সংসদে বলেছি। যতবার সুযোগ পাবো ততবারই সংসদে বলবো, এই কালো আইন বাতিল করে ছাড়বো ইনশাল্লাহ। বন বিভাগের লোকজন আপনারা আপনাদের কাজ করবেন জনগণকে বিভ্রান্ত করবেন না। শনিবার (২২ আগস্ট) দুপুরে ঐতিহ্যবাহী তালতলা চত্বরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।তিনি বলেন, এ সরকার সিল মেরে, রাতে ভোট দিয়ে, জোর করে নির্বাচিত হয় নাই- জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে। অনেক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র প্রত্যাবর্তন করতে পেরেছি। তাই জনগণের চোখের ভাষা বুঝে জনগণকে ভালবেসে তার কাজ করে দিতে হবে। আপনারা জনগণকে ভালোবাসবেন আমি জনগণের উন্নয়ন করব। কেউ দখলদারি চাঁদাবাজিতে লিপ্ত হবেন না।তিনি বন বিভাগের লোকদের উদ্দেশ্যে বলেন, সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরকার শহীদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক, সদস্য সচিব সালহে মোহাম্মদ শাফী ইথেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কবির হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর বিশ্বাস, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম সিকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বুলবুল আহমেদ প্রমুখ।

২২ আগস্ট ২০২৬

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দৃষ্টি নিউজ:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সদ্য সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, প্রধান বিচারপতি জুবায়ের রহমান, সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, অন্তবর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূসসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।এ ছাড়া ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি কূটনীতিক, তিন বাহিনী প্রধান, সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা।অনুষ্ঠানের শুরুতে বাজানো হয় জাতীয় সংগীত। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় শপথের মূল আনুষ্ঠানিকতা। শপথ গ্রহণ শেষে নতুন রাষ্ট্রপতি শপথ বইয়ে স্বাক্ষর করেন। পরে উপস্থিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।রাষ্ট্রপতির শপথ ও নতুন মন্ত্রীদের শপথকে কেন্দ্র করে পুরো বঙ্গভবন এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। মূলভবনসহ পুরো বঙ্গভবন এলাকা নতুন সাজে সাজানো হয়।নিরাপত্তার স্বার্থে বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় কয়েক স্তরের নিশ্ছিদ্র ও কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে নিবিড়ভাবে দায়িত্ব পালন করছেন। আমন্ত্রিত অতিথিদের নির্দিষ্ট পাস ও কয়েক দফা গাড়ি চেকিংয়ের মাধ্যমে ভেতরে প্রবেশ করানো হয়েছে।

২১ আগস্ট ২০২৬

হিথ্রো বিমানবন্দরে প্রতিমন্ত্রী টুকুকে ফুলেল শুভেচ্ছা

হিথ্রো বিমানবন্দরে প্রতিমন্ত্রী টুকুকে ফুলেল শুভেচ্ছা

দৃষ্টি রিপোর্ট:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি যুক্তরাজ্যে পৌঁছলে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশ সময় দুপুরে হিথ্রো বিমানবন্দরে ইউকে টাঙ্গাইল জেলা সমিতি, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির কার্যকরী সদস্য ও যুক্তরাজ্যপ্রবাসী মাইনুল আলম খান কনক, মিজানুর, ফাহমিদা, মিজান, হুমায়ুন, টিটু ও আহাদসহ আরও অনেকে।ইউকে টাঙ্গাইল জেলা সমিতির সদস্য মাইনুল আলম খান কনক বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর যুক্তরাজ্য আগমন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা, সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে।উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টায় ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে পারিবারিক সফরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি ও তাঁর পরিবারের সদস্যরা। সফর শেষে আগামি ২৯ আগস্ট তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

২১ আগস্ট ২০২৬

৯০ ভোট জেনেও কেন অলি আহমদ রাষ্ট্রপতি প্রার্থী!

৯০ ভোট জেনেও কেন অলি আহমদ রাষ্ট্রপতি প্রার্থী!

দৃষ্টি নিউজ:রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় ভোট না থাকার বিষয়টি জানা সত্ত্বেও কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় প্রায় নিশ্চিত হলেও অলি আহমদকে সরিয়ে নেয়নি জোট। বরং ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকার সিদ্ধান্ত নিয়েছে তারা।জামায়াত নেতাদের বক্তব্য, এই নির্বাচনে জয়-পরাজয়ের চেয়ে প্রতিদ্বন্দ্বিতা করাটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী পক্ষের প্রার্থী থাকা এবং সংসদ সদস্যদের ভোটে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরাই মূল লক্ষ্য। অলি আহমদের প্রার্থিতার বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ইতোমধ্যে একটি ব্যাখ্যা দিয়েছেন।তিনি বলেন, ১১ দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন ধরনের গণতান্ত্রিক চর্চার ধারা তৈরির জন্য। তার ভাষায়, এখানে জয়-পরাজয় মুখ্য নয়; প্রতিদ্বন্দ্বিতাই মূল বিষয়।জামায়াতের এই নেতা বলেন, অতীতে সাধারণত সংসদে সংখ্যাগরিষ্ঠ দলই রাষ্ট্রপতি পদে প্রার্থী দিত। এবার সেই ধারার বাইরে গিয়ে ১১ দল প্রতিদ্বন্দ্বিতা করছে। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী থাকা গণতান্ত্রিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।অলি আহমদের প্রার্থিতা নিয়ে জামায়াতের আরেকটি যুক্তি হলো, সংসদ সদস্যদের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ থাকলে নির্বাচনের ফল ভিন্ন হতে পারত। হামিদুর রহমান আযাদ দাবি করেন, গণভোটের রায় কার্যকর হলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ পেতেন এবং সেক্ষেত্রে অলি আহমাদ বিপুল ভোটে বিজয়ী হতেন।জামায়াতের পক্ষ থেকে আরও বলা হচ্ছে, এই নির্বাচন শুধু রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা নয়; বরং সংসদে বিরোধী রাজনৈতিক শক্তির অবস্থান জানান দেওয়ার একটি সুযোগ। ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে অলি আহমদের পাওয়া ভোট ভবিষ্যতের রাজনীতিতে তাদের শক্তির একটি রাজনৈতিক বার্তা হিসেবেও বিবেচিত হবে। তবে বাস্তব ভোটের হিসাবে ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৯০ জন ১১ দলীয় জোটের সঙ্গে রয়েছেন। বিপরীতে বিএনপির রয়েছে দুই-তৃতীয়াংশের বেশি আসন। ফলে অলি আহমদের রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এরপরও প্রার্থিতা প্রত্যাহার না করে ভোটে থাকার সিদ্ধান্ত নিয়েছে জোট।২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের জন্য ২০ আগস্ট ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করে ইসি। বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট অলি আহমদ মনোনয়নপত্র জমা দেন। বাছাইয়ে বৈধ হলে কোনো প্রার্থীই প্রার্থিতা প্রত্যাহার না করায় ভোটগ্রহণের সুযোগ সৃষ্টি হয়।

২০ আগস্ট ২০২৬

টাঙ্গাইলে খালেদা জিয়ার জন্মদিনে প্রজন্ম দলের দোয়া মাহফিল

টাঙ্গাইলে খালেদা জিয়ার জন্মদিনে প্রজন্ম দলের দোয়া মাহফিল

দৃষ্টি রিপোর্ট:সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যোগে কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৫ আগস্ট) বিকালে জেলা সদর রোডের লেককর্ণারের অস্থায়ী কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা শাখার নাসিম এম খান রুনু, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক সোহেল আহমেদ, সদস্য সচিব চঞ্চল চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক ফেরদৌস আলম, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আজিজুল ইসলাম সেলিম সহ জেলা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠ^ানে প্রথমে কেক কেটে বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন উদযাপন করা হয়। পরে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

১৬ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

দৃষ্টি রিপোর্ট:সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৫ আগস্ট) দুপুরে শহরের পুরাতন কোর্ট জামে মসজিদে ওই মাহফিলের আয়োজন করা হয়।জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ওই দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলকসহ বিএনপি ও সহযোগী এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শেষে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

১৫ আগস্ট ২০২৬

কালিহাতীতে সামাজিক সচেতনতার বজ্রশপথ

কালিহাতীতে সামাজিক সচেতনতার বজ্রশপথ

কালিহাতী প্রতিনিধি:সমাজ থেকে অন্ধকার দূর করে একটি সুস্থ ও নিরাপদ প্রজন্ম গড়ার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত হয়েছে এক অনন্য প্রচারণা সভা। বৃহস্পতিবার(১৩ আগস্ট) বিকালে উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ বাজারে মাদক, বাল্যবিয়ে এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে তীব্র সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে। কালিহাতী-৪ আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিনের বলিষ্ঠ দিকনির্দেশনায় আউলিয়াবাদ বাজার প্রাঙ্গণে এই ব্যতিক্রমী সভার আয়োজন করা হয়। বিকেলে বাজার প্রাঙ্গণ পরিণত হয় সর্বস্তরের মানুষের এক বিশাল মিলনমেলায়, যেখানে সবাই কণ্ঠ মেলান সামাজিক অপরাধের বিরুদ্ধে।সভায় বক্তারা অত্যন্ত ক্ষোভ ও উদ্বেগের সাথে সমাজ ধ্বংসকারী এই তিন ব্যাধির ভয়াবহতা তুলে ধরেন। তারা বলেন, ‘একটি মাদকাসক্ত তরুণ বা একটি বাল্যবিবাহ শুধু একটি জীবন নয় বরং পুরো পরিবার ও সমাজকে অন্ধকারের অতল গহ্বরে ঠেলে দেয়। একইভাবে, ইভটিজিংয়ের মতো জঘন্য অপরাধ আমাদের কিশোর-কিশোরীদের স্বাভাবিক বিকাশ ও শিক্ষার নিরাপদ পরিবেশকে পুরোপুরি বিষাক্ত করে তুলছে।’এই সামাজিক ব্যাধিগুলো শুধু আইন দিয়ে শতভাগ নির্মূল করা সম্ভব নয় উল্লেখ করে সভায় সমন্বিত প্রতিরোধের ওপর জোর দেওয়া হয়। বক্তারা পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সাধারণ জনগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এই চার শক্তির সমন্বয়ে প্রতিটি এলাকায় অপরাধীদের বিরুদ্ধে অভেদ্য দুর্গ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।পারখী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ আব্বাসীর সভাপতিত্বে সভায় টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক একেএম আব্দুল আউয়াল, ডা. শাহ আলম তালুকদার, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মো. কাইয়ুম খান সিদ্দিকী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. আখতারুজ্জামান বাবুল, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আমিনুল ইসলাম, সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রতন, মহিলা নেত্রী সুলতানা রাশিদা খান (প্রিয়াঙ্কা), কালিহাতী উপজেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, আউলিয়াবাদ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শেখ শাজাহান, পারখী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত করিম প্রমুখ অংশ নেন।আউলিয়াবাদ বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থীসহ শত শত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সভাটি একটি সামাজিক আন্দোলনে রূপ নেয়। উপস্থিত সবাই নিজ নিজ অবস্থান থেকে এই তিন অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকার বজ্রশপথ নেন।

১৪ আগস্ট ২০২৬

নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডি মন্ত্রণালয়ে সালাহউদ্দিন আহমেদ

নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডি মন্ত্রণালয়ে সালাহউদ্দিন আহমেদ

লাবনী সিদ্দিকী, ঢাকা:রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় সব পদ ও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে তাকে। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে জরুরি রদবদল এনেছে সরকার। প্রশাসনিক ও রাজনৈতিক গতিশীলতা বজায় রাখতে এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে সরকারের নীতি-নির্ধারণী সূত্রে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সরকারের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর এসব দপ্তর পুনর্বণ্টনের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে। অন্যদিকে, সালাহউদ্দিন আহমেদের জায়গায় নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের সংসদীয় ও প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ফলে তার ছেড়ে দেওয়া গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তাৎক্ষণিকভাবে দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করা এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতেই দ্রুততম সময়ে নতুন এই পরিবর্তন আনা হয়েছে।

১৩ আগস্ট ২০২৬

মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী

মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী

দৃষ্টি নিউজ:বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রপতি পদে প্রার্থীb হওয়ার কারণে তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।রিজভী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে দলের সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’রিজভী আরও বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করেন।এ সময় দলের যুগ্ম-মহাসচিবসহ জাতীয় স্থায়ী কমিটির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

১৩ আগস্ট ২০২৬

জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

দৃষ্টি রিপোর্ট:মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপি বলেছেন, আজকে বিরোধীদল অযথা কাল্পনিক আস্ফালন করেছে। আমরা বিরোধীদলের উদ্দেশে বলতে চাই- শান্ত থাকুন, দায়িত্বশীল ভূমিকা পালন করুন। জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র, অহেতুক জ্বালাও পোড়াও করে ফ্যাসিবাদের চরিত্রে যাবেন না। মঙ্গলবার(১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আমরা বাংলাদেশে আর জ্বালাও পোড়াও দেখতে চাই না। আমরা কোন সিলের নির্বাচন দেখতে চাই না। আমরা কোন জোর-জবরদস্তির শাসন দেখতে চাই না।বিরোধী দলের উদ্দেশে মন্ত্রী বলেন- আপনারা শান্ত হোন, হুশে আসেন; বেহুশ হবেন না। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। এই সরকারকে হটাতে হলে পাঁচ বছর পর আবারও যে নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে ভোটে এসে তারপর যদি বেশি ভোট পান তাহলে সরকারে যাবেন, নইলে এই সরকারই আবারও নির্বাচিত হবে।আহমেদ আযম খান বলেন, আপনারা তো আবারও পাপাচার করবেন। ভোট দিলে বেহেশত দেওয়ার প্রতিশ্রতি দেন, সে ক্ষমতা আপনারা কোথায় পেলেন, নাউজুবিল্লাহ মিন জালেক। জনগণ বুঝে আপনাদের ওই বেহেশতের টিকেট মানে পাপাচার। এখানে আমরা যাবো না বলেই জনগণ ৩০০ আসনের মধ্যে সোয়া ২০০ আসনে বিএনপিকে ভোট দিয়েছে।মন্ত্রী আহমেদ আযম খান বলেন, আমাদের সরকার সেবকের সরকার। আমরা সেবা করব। পাঁচ বছর পরে আবার তত্ত্বাবধায়ক সরকারের অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে আবার জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদের ভোট দেয়- ক্ষমতায় আসবো। আপনাদের ভোট দিলে আপনারা আসবেন। জ্বালাও পোড়াও করে অযথা ওই সচিবালয়-মন্ত্রণালয় ঘেরাও করে দেশটাকে অস্থিতিশীল করবেন না। কথা খুব পরিস্কার।তিনি আরো বলেন, যেমন পার্লামেন্টে দায়িত্বশীল আচরণ করেন আমরা বারবার ধন্যবাদ জানিয়েছি। তেমনি পার্লামেন্টের বাইরে মাঠের আন্দোলনে দায়িত্বশীল আচরণ করেন। এটাই বাংলাদেশের মানুষ চায়, বাংলাদেশের মানুষ আশা করে। আপনাদেরকে বলবো আমাদের সরকারের সঙ্গে থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন। আমরা একটা সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দেব।বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, বাসাইল থানার ওসি আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।

১১ আগস্ট ২০২৬

টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দৃষ্টি রিপোর্ট:টাঙ্গাইলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। বুধবার(৫ আগস্ট) দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে নিরবতা পালন, হেলিপ্যাডে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ, র‌্যালি, আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা, মোনাজাত ইত্যাদি। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পরে জেলা সদরের হেলিপ্যাডে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ, জুলাই শহীদদের স্মরণে নিরবতা পালন ও মোনাজাত শেষে র‌্যালি নিয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণি সম্পদ প্রতি মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ। এছাড়া আলোচনা সভায় প্রায় ৩৫জন জুলাইযোদ্ধা বক্তব্য রাখেন।ভাসানী বিশ্ববিদ্যালয়‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মোনাজাত ও শিক্ষার্থীদের হলসমূহে বিশেষ খাবারের আয়োজন ইত্যাদি।কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, উপ-উপাচার্য(প্রো-ভিসি) অধ্যাপক মো. আনিছুর রহমান সহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

০৫ আগস্ট ২০২৬

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

দৃষ্টি নিউজ: শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর গুলশান থেকে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে বুধবার সকালে রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দেন সাবেক এই মন্ত্রী। পরে আদালত প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি ১০ নম্বর আসামি হিসেবে রয়েছেন। এ মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার না করলে আগামি সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে আত্মসমর্পণ করার কথাও জানিয়েছিলেন তিনি। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এ মামলায় মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন- শেখ হাসিনা, ড. মহিউদ্দিন খান আলমগীর, শামসুল হক টুকু, হাসানুল হক ইনু, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, মাহবুবউল আলম হানিফ, হাসান মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আব্দুল লতিফ সিদ্দিকী, মৃনাল কান্তি দাশ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ ও ডা. ইমরান এইচ সরকার। এ ছাড়াও অন্য আসামিরা হলেন- শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, ফারজানা রুপা, হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, মোখলেসুর রহমান, জেনারেল আজিজ আহমেদ, জিয়াউল আহসান, মজিবুর রহমান, আব্দুল জলিল মন্ডল, শেখ মো. মারুফ হাসান, মাহবুব হোসেন, মনিরুল ইসলাম, আনোয়ার হোসেন, মুহা. আশরাফুজ্জামান, এস এম মেহেদী হাসান, হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার, সৈয়দ নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, এস এম শিবলী নোমান ও বি এম ফরমান আলী। এ মামলায় বর্তমানে নয় আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবু।

২৯ জুলাই ২০২৬

বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু

বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু

দৃষ্টি রিপোর্ট: বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতিটি অঙ্গীকার বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। রাজনৈতিক কারণে অনেকেই নানা ধরনের বক্তব্য দিতে পারেন, তবে আমাদের অবস্থান শুরু থেকে যেমন ছিল; এখনো তেমনই আছে এবং ভবিষ্যতেও একই থাকবে। শুক্রবার (১০ জুলাই) বিকালে টাঙ্গাইল নতুন বাস টার্মিনালে যাত্রীসেবার মানোন্নয়নে স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে মাননীয় প্রধান মন্ত্রী ইতোমধ্যেই একাধিকবার সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে। এ বিষয়ে কোনো ধরনের সংশয়ের অবকাশ নেই। বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে যাব। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এর আগে প্রতিমন্ত্রী টাঙ্গাইল বাসটার্মিনালে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির উদ্যোগে যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে স্থাপিত একটি অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করেন। তিনি বলেন, যাত্রীদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতেই এই অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। কোনো যাত্রী ভোগান্তি বা হয়রানির শিকার হলে এখানে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান (শফিক), সদস্য সচিব নিলুফা ইয়াসমিন, যুগ্ম-আহ্বায়ক তারেকুল ইসলাম খান ঝলকসহ সমিতির নেতৃবৃন্দ ও মালিক-শ্রমিকরা উপস্থিত ছিলেন।

১০ জুলাই ২০২৬

থ্রি-পিস পরে ব্রাজিলের জয় উদযাপনে বিএনপি নেতা বহিষ্কার

থ্রি-পিস পরে ব্রাজিলের জয় উদযাপনে বিএনপি নেতা বহিষ্কার

দৃষ্টি রিপোর্ট: চলমান বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের বিজয় উদযাপনে নারীদের পোশাক ‘থ্রি-পিস’ পরে নৃত্য করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর টাঙ্গাইলের মির্জাপুরে এক বিএনপি নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা হচ্ছেন- মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুল ইসলাম মিন্টু। রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সাক্ষরিত দলীয় প্যাডে বহিষ্কারের এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, চলমান বিশ্বকাপ ফুটবল ম্যাচে জাপানকে ২-১ গোলে পরাজিত করায় ব্রাজিলের বিজয় উদযাপন করতে যান খন্দকার আমিনুল ইসলাম মিন্টু। এ সময় তিনি নারীদের পোশাক থ্রি-পিস পরে অদ্ভুত ভঙ্গিতে নাচ-গান করে আনন্দ প্রকাশ করেন। পরবর্তীতে সেই নাচের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা এবং হাস্যরসের সৃষ্টি হয়। দলীয় সূত্রে জানা গেছে, এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ভাবমূর্তি ক্ষুন্ন এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে ওয়ার্ড বিএনপির সভাপতির পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে বহিষ্কৃত নেতা খন্দকার আমিনুল ইসলাম বলেন, তিনি বিশ্বকাপ ফুটবল খেলায় ব্রাজিল দলের বিজয়ে আনন্দ করেছি। আনন্দ করা যদি দলীয় শৃঙ্খলা বিরোধী হয় তাহলে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আমার কিছু বলার নাই। মির্জাপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রোববার থেকেই এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।

০৫ জুলাই ২০২৬

আ’লীগের অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

আ’লীগের অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

দৃষ্টি রিপোর্ট: টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। মঙ্গলবার(২৩ জুন) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিল, যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলী সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্যে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন এবং এসব অপতৎপরতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

২৩ জুন ২০২৬