দৃষ্টি রিপোর্ট:
বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষার মানের দিকে নজর না দিয়ে শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। টাঙ্গাইলের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ওই সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী টুকু বলেন, ফ্যাসিস্টদের নজর ছিল শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করে লোক নিয়োগ দিয়ে তাদের কাছ থেকে ১০ লাখ-১৫ লাখ টাকা ঘুষ নেওয়া। তারা শিক্ষাকে একটি বাণিজ্যিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে গিয়েছিল।
তিনি বলেন, শিক্ষা একটি আদর্শিক পেশা এবং শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার যোগ্যতার ভিত্তিতে নিয়োগ না দিয়ে সম্পূর্ণ দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ দিয়েছে। শিক্ষকদের বিভিন্ন মতাদর্শে বিশ্বাস থাকতে পারে, তবে শিক্ষাঙ্গনে প্রবেশের পর শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদেরই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
দায়িত্ববোধ ও দেশপ্রেমের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকরিজীবীদের দলীয় পরিচয় বিবেচনা না করে কর্মকে বিবেচনা করতে বলেছেন। দেশপ্রেমকে বুকে ধারণ করে আমাদের পথ চলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে আপনাদের যে নৈতিক দায়িত্ব রয়েছে- তা পালন করতে হবে দায়িত্ববোধ ও দেশপ্রেম থেকে।
বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আল মামুন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অপর উপ-পরিচালক মোহাম্মদ আকতার হোসেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ।
সভায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সমস্যা সমাধান এবং শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।