দৃষ্টি রিপোর্ট:
‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বানে টাঙ্গাইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজে সমঅধিকার নিশ্চিতকরণ, নিরাপদ যাতায়াত ব্যবস্থা এবং তাদের ভেতরের সুপ্ত সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে শামিল করার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে আয়োজিত ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শহীদুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. সেলিম মিয়া, জেলা ব্যবসায়ী ঐক্য জোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিবন্ধী কল্যাণে নিয়োজিত ব্যক্তিরা।
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, সাদাছড়ি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন ও নিরাপদে চলাচলের জন্য অন্যতম প্রধান সহায়ক উপকরণ। এদের আত্মনির্ভরশীলতা বাড়াতে এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে সব ধরনের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।