টাঙ্গাইল জেলার সকল সংবাদ

বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত

বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত

আরিফুর রহমান টগর:টাঙ্গাইলে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আলোচনা, বিশেষ মোনাজাত ও বর্ণাঢ্য জশনে জুলুছ আয়োজনে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। দিনব্যাপি আয়োজিত নানা কর্মসূচির উল্লেখযোগ্য আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন, মানবিক আদর্শ, নৈতিক শিক্ষা ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরা সহ মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণের জন্য মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানান। বুধবার (২৬ আগস্ট) জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে বর্ণাঢ্য নানা কর্মসূচিতে দিবসটি পালন হয়।অনুষ্ঠানের মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দৌহিত্র ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বিশেষ অতিথির বক্তব্য রাখেন। প্রধান আলোচক ছিলেন সরকারি এমএম আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির আল কাদেরী।দিঘুলিয়া পীর (হাজীবাগ দরবার শরীফ) আলহাজ্ব প্রফেসর মো. আব্দুর কুদ্দুস খসরুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, অধ্যাপক আলী আশরাফ খান ও ডা. মোহাম্মদ মোরশেদ আলম মাসুদ।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, করটিয়া আহমেদাবাদ শরীফের পীর আলহাজ্ব শাহ সুফি মোহাম্মদ সাইফুল্লাহিল কাতেয়ী, আহমেদাবাদ দরবার শরীফ গোমযানি-দেলদুয়ারের পীর আলহাজ্ব শাহ সুফি হাফেজ ক্বারী মাওলানা মো. হাবিবুল্লাহ আল আহমদী, টাঙ্গাইল জেলা গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুল হাই, সরকারি এমএম আলী কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর খন্দকার আরিফ মাহমুদ, মাহবুবীয়া দায়রা শরীফের পীর আলহাজ্ব ডাক্তার এসএস কাদরী।অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন, আলালপুর মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মো. আব্দুল ওহাব সিরাজী, মাওলানা নজরুল ইসলাম, কাদেরিয়াতে বইয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মোজাম্মেল হক জালালী, খোদা-ই-খেদমতগারের সভাপতি হাসরত খান ভাসানী, অধ্যাপক মাসুদ আলম খান, অধ্যাপক মো. আব্দুর রহমান, পীরজাদা মো. মনিরুজ্জামান, হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন, হাফেজ মাওলানা মুফতি সাইদুল ইসলাম সাঈদ, হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ হেদায়েতুল্লাহ, হাফেজ মাওলানা মুফতি মো. শফিউল্লাহ, মাওলানা মো. আল আমিন আহমাদি, মাওলানা মোহাম্মদ ফজর উদ্দিন, পীরজাদা মীর বুলবুল, হাফেজ মাওলানা মো. মিনহাজ উদ্দিন, মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন, মাওলানা মুফতি মোহাম্মদ মনজুর আল আহমাদি, মৌলভী মোহাম্মদ রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা মো. আব্দুল্লাহ সোহেল, হাফেজ মোহাম্মদ ফয়সাল প্রমুখ।বিভিন্ন বয়সী মুসল্লির অংশগ্রহণের জশনে জুলুছ শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে শুরু হয়ে নিরালার মোড়, ভিক্টোরিয়া রোড, পুরাতন বাসস্ট্যান্ড, হবিবুর রহমান প্লাজা, রেজিস্ট্রি পাড়া রোড, ঢাকা ক্লিনিক ও প্রেসক্লাব সম্মুখ সড়ক প্রদক্ষিণ করে।জশনে জুলুছে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন আর নবীপ্রেমী মুসল্লিদের উচ্চারিত স্লোগানে স্লোগানে মুখর হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো। এতে বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ, আলেম-ওলামা, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

২ ঘণ্টা আগে

কালোবাজারে পাচারকালে ৩৯৫ বস্তা সারসহ ট্রাকচালক গ্রেপ্তার

কালোবাজারে পাচারকালে ৩৯৫ বস্তা সারসহ ট্রাকচালক গ্রেপ্তার

মধুপুর প্রতিনিধি:কালোবাজারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৩৯৫ বস্তা সারসহ মিঠু নামে এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় সার ও ট্রাক জব্দ করে মধুপুর থানায় রাখা হয়েছে। জব্দকৃত সারের আনুমানিক মূল্য চার লাখ ৩৯ হাজার ৪৫০ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।পুলিশ জানায়, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার মেসার্স মেজবাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোয়াজ্জেম হোসেন ১২৭ বস্তা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) ও ২৬৮ বস্তা এমওপি (মিউরেট অব পটাশ) সার শুক্রবার(৪ সেপ্টেম্বর) রাতে পাচার করছিলেন। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার জলছত্র এলাকা থেকে সারসহ ট্রাকটি আটক করে। এ সময় ট্রাকচালক মিঠু মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি পাবনা জেলার আটঘরিয়া উপজেলার খিদিরপুর গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে।কালোবাজারে সার পাচারের সঙ্গে জড়িত অন্যরা হচ্ছেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রাজাবাড়ী এলাকার মো. আবু ইসহাকের ছেলে মো. আসাদুজ্জামান এবং মো. রুবেল মিয়া নামে এক ব্যক্তিসহ অজ্ঞাত আরও ৪-৫ জন। আসাদুজ্জামান মেসার্স মা-বাবা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। ওই ঘটনায় অরণখোলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) বিমলচন্দ্র পাইন বাদী হয়ে মধুপুর থানায় মামলা দায়ের করেছেন।এ ব্যাপারে মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি-তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, ট্রাক ও সার জব্দ করে থানায় রাখা হয়েছে। আদালতের মাধ্যমে চালক মিঠুকে কারাগারে পাঠানো হয়েছে। সার পাচারে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

০৬ সেপ্টেম্বর ২০২৬

কালিহাতীতে সরকারের ১৫ কোটি টাকা গচ্চার আশঙ্কা!

কালিহাতীতে সরকারের ১৫ কোটি টাকা গচ্চার আশঙ্কা!

মু. আবিদ মল্লিক জয়:টাঙ্গাইলের কালিহাতীতে কোনো প্রকার পানি প্রবাহ না থাকা সত্ত্বেও একটি পরিত্যক্ত ডোবার ওপর প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণ করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। পানি প্রবাহহীন এই স্থানে বিপুল অর্থ ব্যয়ে নতুন করে সেতু নির্মাণকে রাষ্ট্রের কোটি কোটি টাকার ‘মহাপচয়’ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। এলাকাবাসীর দাবি, কোনো জনস্বার্থ ছাড়াই কেবল কাগজ-কলমের রিপোর্টের ওপর ভিত্তি করে এই প্রকল্প নেওয়া হয়েছে। এখানে সেতু না করে স্থানটি মাটি ভরাট করে সোজা সড়ক নির্মাণ করলে একদিকে যেমন দুর্ঘটনা কমবে, অন্যদিকে সরকারের বড় অঙ্কের অর্থ সাশ্রয় ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।সংশ্লিষ্ট সওজ বিভাগ ও দরপত্র সূত্রে জানা গেছে, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় নতুন একটি ৩৮ মিটার দীর্ঘ আরসিসি-পিসি গার্ডার সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এজন্য প্রথমে ১৪ কোটি ৯৬ লাখ ৬৬ হাজার টাকার দরপত্র আহ্বান করে সড়ক ও জনপথ বিভাগ। পরবর্তীতে দরপত্র প্রক্রিয়াকরণ শেষে ১৩ কোটি ২৩ লাখ ৯২ হাজার টাকা চুক্তিমূল্যে কাজটি বাস্তবায়নের জন্য ‘তুর্ন এন্টাপ্রাইজ প্রাইভেট লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠানটি প্রকল্প এলাকায় কাজ শুরুর প্রক্রিয়া চালাচ্ছে।সরেজমিনে প্রকল্প এলাকায় গিয়ে জানা যায়, প্রস্তাবিত সেতু এলাকার চারপাশে এখন ঘনবসতি এবং অসংখ্য পাকা ও আধাপাকা বাড়ি-ঘর গড়ে উঠেছে। ভৌগোলিক বাস্তবতায় এখানে কোনো নদী, খাল বা বিলের অস্তিত্ব নেই। এমনকি অর্ধশত বছর আগেই এই এলাকায় প্রাকৃতিকভাবে পানি প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বর্তমানে এটি একটি সাধারণ ডোবা ছাড়া আর কিছুই নয়।উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি শেখ শফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক, ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম, আজগর আলী, শামীম মন্ডল সহ অনেকেই জানান, এমন একটি মৃত ডোবার ওপর পুরাতন জরাজীর্ণ সেতুটি ভেঙে নতুন করে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে আরেকটি সেতু নির্মাণের এই বিশাল আয়োজন সম্পূর্ণ অযৌক্তিক। এটিকে স্রেফ সরকারি অর্থের অপচয়ের একটি নতুন প্রকল্প বলে আখ্যায়িত করেছে স্থানীয় দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, বর্তমানে থাকা সেতুটির কারণে ব্যস্ততম এই আঞ্চলিক মহাসড়কের কালিহাতী বাসস্ট্যান্ড অংশে একটি বিপজ্জনক মোড়ের (ব্লাইন্ড স্পট) সৃষ্টি হয়েছে। এই ত্রুটিপূর্ণ বাঁকের কারণে প্রতিনিয়ত এখানে ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে এবং ঝরছে তাজা প্রাণ। এছাড়া সেতুর কাঠামোগত সীমাবদ্ধতার কারণে আশেপাশের বাণিজ্যিক এলাকার সার্বিক উন্নয়নও থমকে রয়েছে। ভুক্তভোগী সাধারণ মানুষ ও যানবাহন চালকদের জোর দাবি, সেতুর পরিবর্তে এই স্থানে মাটি ভরাট করে সোজা ও প্রশস্ত সড়ক নির্মাণ করা হোক। এতে মহাসড়কটি নিরাপদ হবে, দুর্ঘটনা শূন্যের কোঠায় নামবে এবং যানজটমুক্ত পরিবেশ তৈরি হয়ে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সরকারের ‘ব্রিজ ম্যানেজমেন্ট উইং’ (বিএমডব্লিউ)-এর নিয়মিত পরিদর্শন, সমীক্ষা ও টেকনিক্যাল প্রতিবেদন অনুযায়ীই এই সেতুটি পুনর্নিমাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আঞ্চলিক মহাসড়কের চেইনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবেই এই ডিজাইন অনুমোদন করা হয়েছে বলে দাবি তাদের। তবে মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মাঝে।স্থানীয় সচেতন মহলের দাবি, রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় এবং জননিরাপত্তার স্বার্থে এই আত্মঘাতী ও অপচয়মূলক প্রকল্পটি দ্রুত পুনঃমূল্যায়ন করা হোক। সেই সাথে সেতুর পরিবর্তে সোজা সড়ক নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।এ বিষয়ে কালিহাতী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মো. আবুল মনছুর জানান, রাষ্ট্রের টাকা অপচয়রোধসহ দুঘর্টনারোধে সেতুরস্থানে সোজা করে সড়ক নির্মাণ করা হলে দুর্নীতি প্রতিরোধ হবে একই সঙ্গে সরকারি অর্থ জনগনের কাজে আসবে। যেখানে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে তা বাস্তবায়িত হলে দুর্ঘটনা কমার বদলে আরো বাড়ার আশঙ্কা রয়েছে।টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমেরী খান জানান, কোন জলাশয় বন্ধ করার এখতিয়ার তাদের নেই। ব্রিজ ম্যানেজমেন্ট উইং এর প্রতিবেদন অনুযায়ী ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। এতে সড়ক দুর্ঘটনার পাশাপাশি হতাহতের সংখ্যা কমবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।তিনি জানান, গত ৭ আগস্ট স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন নতুন সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন।

০৬ সেপ্টেম্বর ২০২৬

কালিহাতীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কালিহাতীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

​কালিহাতী প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মহেলা গ্রামে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘মহেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মহেলা রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই হাইভোল্টেজ খেলায় ভাবলা স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ৯-৮ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হিন্নাইপাড়া ফুটবল একাদশ।‘খেলাধুলায় বাড়ে মনোবল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লগোনে গ্রামবাসীর সার্বিক ব্যবস্থাপনা ও যৌথ উদ্যোগে টুর্নামেন্টটির আয়োজন করা হয়।​খেলার শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়দের নান্দনিক আক্রমণ ও পাল্টা-আক্রমণে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হলে ম্যাচটি গড়ায় রোমাঞ্চকর টাইব্রেকারে। চরম উত্তেজনাপূর্ণ পেনাল্টি শুটআউটে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় হিন্নাইপাড়া ফুটবল একাদশ। হাজারো দর্শকের মুহুর্মুহু করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো স্কুল প্রাঙ্গণ।​ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বাংলাদেশ মহিলা ক্রীড়া পরিষদের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।​মহেলা রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব নূর বাদশা সরকারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ​এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র মো. শাফি খান, এলেঙ্গা উচ্চ বিদ্যালযয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ​মো. মোজাম্মেল হক হিরো, সহদেবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ​মো. মাসুদুর রহমান বালা।অনুষ্ঠানটি পরিচালনা করেন, এলেঙ্গা পৌর যুবদলের সদস্য মোফাজ্জল হোসেন। খেলায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন ।​

০৬ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইল সহ সারাদেশে বাড়তে পারে বৃষ্টি

টাঙ্গাইল সহ সারাদেশে বাড়তে পারে বৃষ্টি

দৃষ্টি রিপোর্ট:আবহাওয়া অধিদপ্তর আগামি পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আগামি ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়া এবং দমকা বাতাস বইতে পারে বলে জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, গাজীপুর, রংপুর, ঢাকা, যশোর ও ময়মনসিংহের অনেক এলাকায় এবং টাঙ্গাইল, লালমনিরহাট, দিনাজপুর ও পঞ্চগড়ের কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে।আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টিপাতের এই ধারা সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বৃষ্টির তীব্রতা কিছুটা বেশি হতে পারে।দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। সর্বশেষ আবহাওয়া বুলেটিনে কিছু এলাকায় ‘গুড়ি গুড়ি বৃষ্টি’, আবার কিছু এলাকায় ‘মাঝারি ধরনের’ ও ‘ভারী’ বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী ও ফেনী অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকলে কৃষকদের জন্য কিছুটা স্বস্তি আসতে পারে, তবে জলাবদ্ধতার কারণেও দুর্ভোগ তৈরি হতে পারে। বাড়তি সতর্কতা হিসেবে নিম্নাঞ্চলের মানুষদের সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।টাঙ্গাইল অঞ্চল সহ সারাদেশের ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস রোববার (৬ সেপ্টেম্বর): আকাশ মূলত মেঘলা থাকবে। দিনভর বজ্রঝড় ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৯° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬° সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।সোমবার (৭ সেপ্টেম্বর): দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। টাঙ্গাইলে তাপমাত্রা কিছুটা বেড়ে সর্বোচ্চ ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬° সেলসিয়াস হতে পারে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর): আকাশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ ঝড় ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ৩১° থেকে ২৬° সেলসিয়াসের মধ্যে থাকবে।বুধবার (৯ সেপ্টেম্বর): কিছু এলাকায় রোদের দেখা মিললেও রাতের দিকে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা বেড়ে সর্বোচ্চ ৩৩° সেলসিয়াস হতে পারে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর): দিনভর আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়তে পারে এবং রাতে বজ্রপাতের শঙ্কা রয়েছে।

০৬ সেপ্টেম্বর ২০২৬

সা’দত কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

সা’দত কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

দৃষ্টি রিপোর্ট:টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৫ সেপ্টেম্বর) দুপুরে ‘পদার্থ বিজ্ঞানের বন্ধনে, প্রাক্তনদের মিলনে- আগামীর পথে একসাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সূচনা করা হয়।এদিন সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ১৯৯৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে পদার্থ বিজ্ঞান বিভাগের হলরুমে গিয়ে অ্যালামনাই ও স্মৃতিচারণ অনুষ্ঠানে মিলিত হয়।সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মফিজুল ইসলাম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন শিক্ষক অধ্যাপক মোশাররফ হোসেন, অধ্যাপক জাকির হোসেন, পদার্থ বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপ-সচিব মাসুম বেগ, সদস্য সচিব মুহাম্মদ হারুন অর রশিদ, সরকারি সা’দত কলেজের শিক্ষক সাব্বির হাসান পল সহ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষকরা।এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন এবং দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে মিলিত হতে পেরে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেন। দিনব্যাপী ওই পুনর্মিলনীকে ঘিরে কলেজ প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

০৫ সেপ্টেম্বর ২০২৬

ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

কালিহাতী প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতী-রতনগঞ্জ সড়কে সেতু থেকে নামার সময় লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক আলমাস আলী (৫০) নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বাজার সেতুতে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আলমাস আলী সখীপুর উপজেলার আমতৈল গ্রামের বাসিন্দা।স্থানীয়রা জানায়, জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলার কারণে দীর্ঘদিন ধরে রতনগঞ্জ বাজারের নতুন সেতুর নির্মাণকাজ বন্ধ রয়েছে। বর্তমানে পাশের পুরোনো সেতুর আংশিক ঢালু অংশ দিয়ে যানবাহন চলাচল করছে। শনিবার সকালে আলমাস আলী লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি ঠেলে রতনগঞ্জ বাজারে যাচ্ছিলেন। সেতু দিয়ে নামার সময় হঠাৎ ঠেলাগাড়িটি উল্টে গেলে তিনি ওই ঠেলাগাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ ( ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, বিষয়টি তিনি জানতে পেরেছেন। আলমাস আলী সখীপুরে মারা গেছেন। ঘটনাস্থলে একজন অফিসার পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

০৫ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলের চমচম যাবে বিদেশে

টাঙ্গাইলের চমচম যাবে বিদেশে

বুলবুল মল্লিক:জিআই স্বীকৃতিপ্রাপ্ত বিশ্বখ্যাত টাঙ্গাইল শাড়ি, শতবর্ষের ঐতিহ্যবাহী পোড়াবাড়ির চমচম এবং স্থানীয় কৃষ্টি-সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যান্ডিং করার লক্ষ্যে টাঙ্গাইলে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য ‘সুইট ফেস্টিভ্যাল-২০২৬’। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে শহরের প্রাণকেন্দ্র শহীদ স্মৃতি পৌর উদ্যানে বেলুন ও পায়রা উড়িয়ে ওই জমকালো উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে ওই ব্যতিক্রমী ও নান্দনিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, তাঁতশিল্পের প্রতিনিধি এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, উৎসবকে কেন্দ্র করে পুরো পৌর উদ্যানকে সাজানো হয়েছে এক অপরূপ সাজে। সারিবদ্ধ ২২টি স্টলে সাজিয়ে রাখা হয়েছে টাঙ্গাইলের আদি ও আসল ঐতিহ্যের ছোঁয়া। মিষ্টিপ্রেমীদের জিভে জল আনতে স্টলে স্টলে শোভা পাচ্ছে কিংবদন্তিতুল্য পোড়াবাড়ির চমচম, রসালো রসমালাই, রসে টইটম্বুর কালোজাম এবং যুগ যুগ ধরে প্রসিদ্ধ দই-সন্দেশসহ নানা পদের ঐতিহ্যবাহী মিষ্টি। মেলায় আলাদা আকর্ষণ তৈরি করেছে আন্তর্জাতিকভাবে জিআই স্বীকৃতি পাওয়া বিশ্বখ্যাত টাঙ্গাইল শাড়ি। এছাড়া তাঁতি ও কারিগরদের তৈরি নান্দনিক হস্তশিল্প এবং স্থানীয় কুটির শিল্প পণ্যের প্রদর্শনী দর্শনার্থীদের গভীরভাবে আকৃষ্ট করছে।উদ্বোধনের পর সময় গড়ানোর সাথে সাথে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ঢল নামে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিকাল থেকেই পরিবার-পরিজন, বন্ধুবান্ধব ও প্রিয়জনদের নিয়ে মেলায় ছুটে আসেন হাজারো মানুষ। উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে পুরো শহিদ স্মৃতি পৌর উদ্যান।মেলায় আসা দর্শনার্থীরা জানান, একই ছাদের নিচে টাঙ্গাইলের খাঁটি ও বিখ্যাত সব মিষ্টির স্বাদ নেওয়ার এবং ঐতিহ্যবাহী শাড়ি দেখার এই সুযোগ সত্যি প্রশংসনীয়। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে টাঙ্গাইলের শতবর্ষী ইতিহাস তুলে ধরতে এই আয়োজন দারুণ ভূমিকা রাখছে।আয়োজকদের মতে, এই সুইট ফেস্টিভ্যাল কেবল একটি মেলা নয়; এটি টাঙ্গাইলের ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনৈতিক সম্ভাবনার এক অনন্য মিলনমেলা। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা মিষ্টি প্রস্তুতকারক, কারিগর, তাঁতশিল্পী ও তরুণ উদ্যোক্তারা এখানে তাদের পণ্য প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও টাঙ্গাইলের পণ্যের এক বিশাল দুয়ার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। তিন দিনব্যাপী ওই প্রাণের উৎসব আগামি ৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত অবধি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।জেলা প্রশাসক শরীফা হক জানান, টাঙ্গাইল একটি ভীষণ সম্ভাবনাময় জেলা। এই জেলার পর্যটন সম্ভাবনা অফুরন্ত। সেই সম্ভাবনাকে পূর্ণতা দিতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে- যার অন্যতম সুইট ফেস্টিভ্যাল।তিনি জানান, এ উৎসবের তিনটি প্রধান লক্ষ্য হলো ব্র্যান্ড টাঙ্গাইল হিসেবে শতবর্ষী মিষ্টি শিল্পকে বিশ্বে তুলে ধরা, ঐতিহ্যকে ধারণ করে তরুণ উদ্যোক্তা তৈরির প্ল্যাটফর্ম গড়ে তোলা এবং স্থানীয় পণ্যের প্রসারের মাধ্যমে জেলার অর্থনীতিকে আরও শক্তিশালী করা।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মিষ্টি ও টাঙ্গাইল শাড়ি শুধু এ জেলার নয়, বরং বাংলাদেশের গর্ব। টাঙ্গাইলের শতবর্ষের ঐতিহ্যবাহী চমচমকে বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া এসব ঐতিহ্য সংরক্ষণ ও বিশ্ববাজারে পৌঁছে দিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। স্থানীয় শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

০৪ সেপ্টেম্বর ২০২৬

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

দৃষ্টি নিউজ:সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বড় কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল হোড়।শহরের বড় কালীবাড়ি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। টাঙ্গাইল বড় কালীবাড়ির আয়োজনে ৩দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শোভাযাত্রা, লীলা কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অমল ব্যানার্জি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, বড় কালীবাড়ির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎত সাহা লিটন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রিপন কুমার সরকার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

০৪ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

দৃষ্টি রিপোর্ট:টাঙ্গাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর এলাকার হাউজিং মাঠে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচির উদ্বোধন করেন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো টাঙ্গাইলেও বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম।তিনি বলেন, বিগত সরকারের সময়ে দেশের বনভূমি ধ্বংস করা হয়েছে। এর ফলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশকে সবুজায়নের লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে আগামী পাঁচ বছরে সারাদেশে পাঁচ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।পরে বিভিন্ন বয়সী মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

০৪ সেপ্টেম্বর ২০২৬

কালিহাতীতে ঘুষ নিয়ে সাজানো হয় মাদকের নাটক!

কালিহাতীতে ঘুষ নিয়ে সাজানো হয় মাদকের নাটক!

দৃষ্টি রিপোর্ট:টাঙ্গাইলের কালিহাতীতে তল্লাশির নামে ৬৫ বছরের প্রতিবন্ধী এক বৃদ্ধকে প্রকাশ্য রাস্তায় চড়-থাপ্পড় মেরে থানায় নিয়ে নির্যাতন, পকেট থেকে টাকা ছিনতাই এবং পরিবারের কাছ থেকে ৪৫ হাজার ৫০০ টাকা ঘুষ আদায়ের এক লোমহর্ষক অভিযোগ উঠেছে। অভিযুক্ত এসআই মোহাম্মদ আসাদুজ্জামান বর্তমানে কালিহাতী থানার বল্লা ইউনিয়ন বিটের দায়িত্বে রয়েছেন। এই অন্যায়ের প্রতিকার ও ন্যায়বিচারের দাবিতে পুলিশ সুপারের কাছে দেওয়া ভুক্তভোগী প্রতিবন্ধী আ. ছালামের অভিযোগের তদন্ত চলছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ আগস্ট বিকালে বল্লা বাজারের মেইন রোডে দাঁড়িয়ে ছিলেন বল্লা চকপাড়া গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে প্রতিবন্ধী আ. ছালাম। এ সময় এসআই আসাদুজ্জামান অপর এক পুলিশ সদস্যসহ মোটরসাইকেলে এসে তাকে তল্লাশি করতে চান। ছালাম নিজের কাছে অবৈধ কিছু নেই বলা মাত্রই ক্ষিপ্ত হয়ে তাকে চড়-থাপ্পড় মারেন ওই এসআই। পরে হাতকড়া পরিয়ে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। থানার দোতলায় আটকে রেখে তাকে ‘মাদক ব্যবসায়ী’ বানানোর জন্য চালানো হয় নির্মম নির্যাতন। এক পর্যায়ে নির্যাতনের মুখে প্রাণভয়ে প্রতিবন্ধী আ. ছালাম নিজের কাছে ‘২ পুরিয়া গাঁজা’ থাকার কথা স্বীকার করতে বাধ্য হন। স্বীকারোক্তি আদায়ের পর এসআই আসাদুজ্জামান প্রথমে ছালামের পকেটে থাকা ১৯ হাজার ৫০০ টাকা কেরে নেন। পরে তাকে ছেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার অসহায় পরিবারের কাছ থেকে আরও ২৬ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। কিন্তু মোট ৪৫ হাজার ৫০০ টাকা ঘুষ পকেটে ভরেও শেষ রক্ষা হয়নি ওই প্রতিবন্ধীর। ঘটনা ধামাচাপা দিতে এবং নিজের পিঠ বাঁচাতে পরদিন ৩ আগস্ট তাকে এসিল্যান্ড অফিসে হাজির করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের সাজা দেওয়া হয়। দীর্ঘ ১৫ দিন কারাভোগের পর গত ১৮ আগস্ট মুক্তি পেয়েই এই আইনি লড়াইয়ে নামেন তিনি।স্থানীয়দের অভিযোগ, এসআই আসাদুজ্জামান বল্লা ইউনিয়ন বিটের দায়িত্ব পাওয়ার পর থেকেই এলাকায় সাধারণ মানুষকে নানাভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে লাখ লাখ টাকা বাণিজ্য করছেন। তার এই লাগামহীন হয়রানিতে বল্লা এলাকায় তীব্র গণরোষের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযুক্ত এই পুলিশ কর্মকর্তার দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।এ বিষয়ে প্রতিবন্ধী আ. ছালামের দেওয়া অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার(কালিহাতী সার্কেল) মো. মঞ্জুরুল ইসলাম জানান, ঘটনাটির বিষয়ে তিনি সাক্ষ্য-প্রমাণ খতিয়ে দেখছেন। তিনি যথাসময়ে পুলিশ সুপারের কাছে তদন্ত রিপোর্ট পেশ করবেন।

০৪ সেপ্টেম্বর ২০২৬

মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয় উদ্বোধন

মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয় উদ্বোধন

মির্জাপুর প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে বাইপাস মুশফিকা টাওয়ারে উপজেলা অফিসের উদ্বোধন করা হয়। উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অফিস উদ্বোধন করেন এনসিপি টাঙ্গাইল জেলা আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন।এনসিপি মির্জাপুর উপজেলা শাখার আহবায়ক আকাশ বাবু উজ্জলের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট লিটন হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, এনসিপি টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, খেলাফত মজলিশের উপজেলা সভাপতি আসাদুজ্জামান সিটু, বাংলাদেশ খেলাফত মজলিশের মির্জাপুর উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মুনরুজ্জামন, এনসিপি টাঙ্গাইল জেলা যুগ্ম আহবায়ক স্থপতি মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদকজ নাজমুল হোসেন, যুব শক্তির জেলা যুগ্ম আহবায়ক জোবাইদুল ইসলাম নিঝুম প্রমুখ।

০২ সেপ্টেম্বর ২০২৬

লিটারে পাঁচ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম

লিটারে পাঁচ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম

দৃষ্টি রিপোর্ট:বোতলজাত সয়াবিন তেলে প্রতি লিটারে ৫ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীদের মূল্য সমন্বয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়। এর আগে সরকারের কাছে ১০ টাকা বাড়ানোর আবেদন করেছিলেন ব্যবসায়ীরা।বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কক্ষে ভোজ্যতলের ব্যবসায়ীরা বৈঠক করে। বৈঠকে লিটারপ্রতি ৫ টাকা তেলের মূল্য সমন্বয়ের অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এখন ৫ টাকা বৃদ্ধির ফলে বাজারে এক লিটার সয়াবিন তেলের দাম হবে ২০৪ টাকা। যা আগে ছিল ১৯৯ টাকা।এদিকে দাম বাড়ানোর পর বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি এক সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে। পাশাপাশি পরিবহন ব্যয়ও বেড়েছে। এসব কারণ দেখিয়ে আমদানিকারকরা দাম বাড়ানোর দাবি জানিয়েছিলেন। ব্যবসায়ীদের দাবি ছিল আরও বেশি দাম বাড়ানোর। এটা আমরা সমন্বয় করে দিয়েছি।বাণিজ্য সচিব বলেন, বাজারে বর্তমানে ভোজ্যতেলের কোনো সংকট নেই। পরিস্থিতি বিবেচনা করেই সরকার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।রমজানের আগে ভোজ্যতেলের দাম আবার বাড়ানো হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা তখনকার বাজার পরিস্থিতির ওপর নির্ভর করবে।’নতুন বেতন কাঠামো অনুমোদনের পাশাপাশি সম্প্রতি চিনির দাম বাড়ার পর এবার ভোজ্যতেলের দাম বাড়ানোয় মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়বে কি না জানতে চাইলে বাণিজ্য সচিব বলেন, ‘কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে।’

০২ সেপ্টেম্বর ২০২৬

একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন!

একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন!

মু. আবিদ মল্লিক জয়:শিক্ষিত বেকারত্বের অভিশাপ মুক্ত করে তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টিতে এক অভূতপূর্ব ও ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করল টাঙ্গাইল জেলা প্রশাসন। দিনব্যাপী ‘জব ফেয়ার-২০২৬’ যেন রূপ নিয়েছিল শিক্ষিত বেকার ও চাকরিদাতাদের এক মিলনমেলায়। আর এই মেলা থেকেই তাৎক্ষণিকভাবে চাকরি পেয়ে মুখে হাসি ফুটেছে ৪৪৬ জন তরুণ-তরুণীর। শুধু তাই নয়, চূড়ান্ত বাছাইয়ে থাকা আরও ১ হাজার ৫৮১ জনের আগামী এক মাসের মধ্যে চাকরি নিশ্চিত হচ্ছে। ফলে, ব্যতিক্রমী এই একটিমাত্র আয়োজনের মাধ্যমেই জেলার মোট ২ হাজার ২৭ জন চাকরিপ্রার্থীর নিশ্চিত কর্মসংস্থানের এক বিশাল দুয়ার খুলে গেল।টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ জনসেবা চত্বরে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাঁকজমকপূর্ণভাবে শুরু হয় এই দিনব্যাপী চাকরি মেলা। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণদের স্বপ্ন পূরণের এই সারথী হন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উৎসবমুখর পরিবেশে তিনি মেলায় তাৎক্ষণিক চাকরিপ্রাপ্ত ভাগ্যবান তরুণ-তরুণীদের হাতে আনুষ্ঠানিকভাবে কাঙ্ক্ষিত নিয়োগপত্র তুলে দেন। নিয়োগপত্র হাতে পেয়ে উচ্ছ্বসিত তরুণদের হাসিতে জনসেবা চত্বরে এক আবেগঘন ও আনন্দের পরিবেশ তৈরি হয়।টাঙ্গাইলে প্রথমবারের মতো জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় চাকরিপ্রার্থীদের সাড়াও ছিল চোখে পড়ার মতো। দেশের ও জেলার শীর্ষস্থানীয় এনজিও এবং নামী-দামী বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ মোট ৫১টি করপোরেট প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেয়। আধুনিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় চাকরিপ্রার্থীদের কাছ থেকে অনলাইন ও অফলাইনে সিভি সংগ্রহের পর মেলা প্রাঙ্গণেই সরাসরি নেওয়া হয় সাক্ষাৎকার (ইন্টারভিউ)। যোগ্যতার প্রমাণ দিয়ে স্পটেই নিয়োগ পান সৌভাগ্যবান প্রার্থীরা।জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র থেকে জানা যায়, এই মেলাকে ঘিরে তরুণদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছিল, যার প্রমাণ মেলে নিবন্ধনের সংখ্যায়। অনলাইন ও অফলাইন মিলিয়ে সর্বমোট ১১ হাজার ৪২৭ জন চাকরিপ্রার্থী এই মেলায় অংশ নিতে রেজিস্ট্রেশন করেন। বিপুল এই চাকরিপ্রার্থীদের মধ্য থেকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ৪৪৬ জনকে অন-স্পট নিয়োগ দেওয়া হয়। বাকি শূন্যপদগুলোর জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত আরও ১ হাজার ৫৮১ জনের চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করা হবে। প্রথমবারের মতো আয়োজিত এই সফল জব ফেয়ার টাঙ্গাইলের তরুণদের কর্মসংস্থানে এক নতুন দিগন্তের সূচনা করল, যা দেশের অন্যান্য জেলার জন্যও একটি অনুকরণীয় মডেল হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘এটা প্রাথমিকভাবে আয়োজন করা হয়েছিল। বেশ সাড়া ফেলেছে। আগামী ছয় মাসের মধ্যে এটি আরও বড় পরিসরে কীভাবে করা যায়, সেই ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।’তিনি বলেন, ‘আমি নির্বাচনের আগেও বলেছি, টাঙ্গাইলের একজন শিক্ষিত যুবকও যাতে বেকার না থাকে, আমি সেই অনুযায়ী কাজ করব।’জেলা প্রশাসক শরীফা হক বলেন, চাকরি করতে আগ্রহী অনেক শিক্ষিত মানুষ বিভিন্ন সময়ে তার কাছে কর্মসংস্থানের আগ্রহ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করলে তিনি জব ফেয়ার আয়োজনের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখান। পরবর্তীতে তার পরামর্শ ও সহযোগিতায় এ জব ফেয়ারের আয়োজন করা হয়।

০২ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে :: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে :: সুলতান সালাউদ্দিন টুকু

দৃষ্টি রিপোর্ট:বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। বিএনপির নেতৃত্বে এ দেশের মানুষ গণতন্ত্র লালন করছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর আন্দোলন করেছেন- গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তাঁর আন্দোলনের মধ্য দিয়েই আজকের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। যতবার গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, ততবারই বিএনপি গণতন্ত্রকে তুলে ধরেছে এবং প্রতিষ্ঠিত করেছে। আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, বিএনপি কখনো গণতন্ত্রের বিপক্ষে যায়নি।তিনি বলেন, বিএনপিকে কেউ রাজাকার বলতে পারে না। কারণ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল হচ্ছে বিএনপি। বিএনপিকে কেউ ফ্যাসিবাদী বা স্বৈরাচারও বলতে পারে না। কারণ বিএনপির নেতৃত্বেই ফ্যাসিবাদের পতন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে এবং বিএনপির হাত ধরেই গণতন্ত্রের বিজয় হয়েছে।জনসভায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলী ইমাম তপন, যুবদলের সাবেক আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ প্রমুখ।জনসভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিকাল ৪টা ১০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের হাজারো নেতাকর্মী মাথায় ক্যাপ ও গায়ে গেঞ্জি পরে পৃথক পৃথক র‌্যালি নিয়ে শহিদ স্মৃতি পৌর উদ্যানে এসে জনসভায় অংশ নেন।

০১ সেপ্টেম্বর ২০২৬

অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে কোয়কা প্রকল্প সম্প্রসারণ বিষয়ে মতবিনিময়

অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে কোয়কা প্রকল্প সম্প্রসারণ বিষয়ে মতবিনিময়

আনোয়ার হোসেন নয়ন:টাঙ্গাইল সিভিল সার্জনের সম্মেলন কক্ষে কোয়কা প্রকল্পের মাধ্যমে টাঙ্গাইল জেলা অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (NCD) প্রকল্প রিভিউ মিটিং এবং প্রকল্প সম্প্রসারণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কোয়কা প্রকল্প কর্মকর্তা ডা. লিম। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফএম মাহবুবুল আলম মঞ্জুর সভাপতিত্বে মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, কো-অরডিনেটর মেডিকেল অফিসার ডা. আবু জাফর এবং মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, মি. লিপস মৃ।বক্তারা বলেন, অসংক্রামক রোগ (NCD) নিয়ন্ত্রণ প্রকল্প রিভিউ মিটিং এবং প্রকল্প সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা দেশের স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়নে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যানসার এবং উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ে এই সেবা পৌঁছে দিতে প্রকল্প সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।সভায় রোগীরা হাসপাতালে আসার পর কীভাবে ধাপে ধাপে তাদের সেবা নিশ্চিত করা হবে- সে বিষয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন দিকনির্দেশনা দেন।টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলা হেলথ কমপ্লেক্সের, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল অফিসাররা মতবিনিময় সভায় অংশ নেন।

০১ সেপ্টেম্বর ২০২৬

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

দৃষ্টি রিপোর্ট:টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার(১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান ওই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সখীপুর উপজেলার ইচ্ছাদিঘী গ্রামের আতিয়াপাড়ার হায়দর আলীর ছেলে মো. মেহেদী হাসান (৩৮)। রায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।টাঙ্গাইলের পিপি মো. শফিকুল ইসলাম রিপন জানান, দণ্ডিত মেহেদী হাসান দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ায় আসক্ত ছিলেন। জুয়ার টাকা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী কাকলীর ওপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ৩ আগস্ট সকালে বিছানার নিচে লুকিয়ে রাখা ছুরি বের করে কাকলীর পিঠে আঘাত করেন। স্থানীয়রা উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কাকলীকে মৃত ঘোষণা করেন। ঘটনার দিনই নিহতের ভাই মো. বাদল মিয়া সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। সখীপুর থানার পুলিশ গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করে। পরে তিনি দণ্ডবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। রায় ঘোষণা সময় আসামি মেহেদী হাসান আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

০১ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে প্রথমবারের মতো জব ফেয়ার অনুষ্ঠিত

টাঙ্গাইলে প্রথমবারের মতো জব ফেয়ার অনুষ্ঠিত

দৃষ্টি রিপোর্ট:টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সদরের জনসেবা চত্বরে প্রথমবারের মতো জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১ সেপ্টেম্বর) টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক ওই জব ফেয়ারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। এসময় পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুমাইয়া মমিন, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।জনসেবা চত্বরের ওই জব ফেয়ারে ৫১টি স্টলে দেশের শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে এবং তাদের চাহিদা অনুযায়ী আগ্রহী প্রার্থীদের নির্বাচনের জন্য রেজিষ্ট্রেশনের মাধ্যমে সিভি জমা নিচ্ছেন।এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক জানান, চাকুরি করতে আগ্রহী এমন অনেক শিক্ষিত মানুষ বিভিন্ন সময় এসে তাদের আগ্রহ প্রকাশ করেন। এসব বিষয় চিন্তা করেই এই জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। এই জব ফেয়ারের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী আগ্রহী প্রার্থী নির্বাচন করতে পারবেন এবং তরুণ প্রজন্মের মধ্যে উৎসাহ সৃষ্টি হবে। পরবর্তীতেও এ ধরনের জব ফেয়ারের আয়োজন করা হবে।

০১ সেপ্টেম্বর ২০২৬

বাসাইলে মাংস বিক্রির উদ্দেশ্যে পরিত্যক্ত বাড়িতে ১০ ঘোড়া জবাই

বাসাইলে মাংস বিক্রির উদ্দেশ্যে পরিত্যক্ত বাড়িতে ১০ ঘোড়া জবাই

বাসাইল প্রতিনিধি:টাঙ্গাইলের বাসাইল উপজেলা সদরের পরিত্যক্ত একটি বাড়িতে ১০টি ঘোড়া দুর্র্বৃত্তরা জবাই করে ৭টির মাংস নিয়ে গেছে এবং ৩টি জবাইকৃত ঘোড়া ফেলে গেছে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার(৩০ আগস্ট) ভোরে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকার পরিত্যক্ত একটি বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকার পরিত্যক্ত একটি বাড়িতে রাতের আঁধারে দুর্বৃত্তরা ১০টি ঘোড়া জবাই করে। এসময় ৭টি ঘোড়ার মাংস নিতে পারলেও তিনটি জবাইকৃত ঘোড়ার মাংস নিতে পারেনি। সকালে স্থানীয়রা তিনটি জবাই করা ঘোড়া ও ৭টি ঘোড়ার মাথা, হাড়, চামড়া ও নাড়িভুড়ি পড়ে থাকতে দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ও পৌর কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে।ধারণা করা হচ্ছে- অন্য জায়গা থেকে ঘোড়া নিয়ে এসে এই নির্জন পরিত্যক্ত জায়গায় মাংস বিক্রির জন্য জবাই করা হয়েছে। ভোর হওয়ার কারণে ৭টি ঘোড়ার মাংস নিতে পারলেও তিনটি জবাইকৃত ঘোড়ার মাংস নিতে পারেনি।স্থানীয় বাসিন্দা মফিজ মিয়া জানান, বিষয়টি জানতে পেরে তিনি দেখতে যান। ওখানে ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। এরমধ্যে ৭টির মাংস নিয়ে গেছে আর তিনটি রেখে গেছে। তারা হয়তো কোন হোটেলে মাংস বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেছে। এরআগেও উপজেলার নাইকানীবাড়ী ও গাজীর ভাঙ্গা এলাকায় ঘোড়ার মাথা, হাড়, চামড়া ফেলে গিয়েছিল।বাসাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আলমগীর কবির জানান, পরিত্যক্ত একটি বাড়িতে ১০টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। রাত ১টা থেকে ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করা হয়েছে। ভোর হয়ে যাওয়ায় ৭টি ঘোড়ার মাংস নিয়ে তিনটি জবাইকৃত ঘোড়া ফেলে রেখে চলে গেছে।বাসাইল পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ৩টি জবাইকৃত ঘোড়াসহ ৭টির মাথা, হাড়, চামড়া ও নাড়িভুড়ি সেখান থেকে এনে অন্যত্র পুতে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিস্কার করা হয়েছে।

৩০ আগস্ট ২০২৬

এ সপ্তাহের রাশিফল

এ সপ্তাহের রাশিফল

০৫ সেপ্টেম্বর ২০২৬
ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

০৫ সেপ্টেম্বর ২০২৬