দুর্নীতি
বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ
দৃষ্টি রিপোর্ট:প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সুশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুর্নীতির এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ ওরফে বাবুল। বিভাগীয় অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, শিক্ষকদের বদলি বাণিজ্য ও বিত্তবানদের ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে গত এক দশকে তিনি কামিয়েছেন কোটি কোটি টাকা। এছাড়া বন বিভাগের প্রায় ১২ একর জমি দখল করেছেন। অনুসন্ধানে জানা গেছে, টাঙ্গাইলের সখীপুর উপজেলার ধলিপাড়া এলাকার সাবেক ফরেস্টগার্ড মৃত ছামান আলীর ছেলে নূর মোহাম্মদ ওরফে বাবুল নিজ এলাকায় বন বিভাগের প্রায় ১২ একর শাল বন জবরদখল করেছেন। দামি দামি গজারি গাছ কেটে সরকারি বনের সেই জমিতেই গড়ে তুলেছেন মাল্টা বাগান, গরুর খামার ও একটি বিলাসবহুল ডুপ্লেক্স ভবন। মাল্টা বাগানটি আবার লিজ দিয়েছেন স্থানীয় সাইফুল ইসলামকে। শিক্ষা প্রশাসনে নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে নূর মোহাম্মদ গড়ে তুলেছেন এক শক্তিশালী সিন্ডিকেট। এই চক্রের মূল সহযোগী হিসেবে কাজ করছেন তার ঘনিষ্ঠ বান্ধবী পাবনা সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহিদা শবনম। ঢাকা ও পাবনা- এই দুই অঞ্চলের শিক্ষা প্রশাসনকে কার্যত জিম্মি করে রেখেছেন এই দুই কর্মকর্তা।অভিযোগ রয়েছে- সাধারণ শিক্ষকদের জ্যেষ্ঠতা লঙ্ঘন, নিয়মবহির্ভূত পদায়ন এবং অনৈতিক সুযোগ-সুবিধা দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন তারা। বদলি ও পদোন্নতির ফাঁদে ফেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে এই সিন্ডিকেট প্রতিনিয়ত লাখ লাখ টাকা বাণিজ্য করছে।অনুসন্ধানে নূর মোহাম্মদের বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে। রাজধানী ঢাকা, ময়মনসিংহ এবং সখীপুর পৌরসভায় একাধিক বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি, অভিজাত ফ্ল্যাট ও নামীদামি ব্র্যান্ডের গাড়ির মালিক বনে গেছেন তিনি। এছাড়া বিভিন্ন ব্যাংকে নিজের ও বেনামে জমা রয়েছে কোটি কোটি টাকা। একজন সরকারি কর্মকর্তার বৈধ আয় দিয়ে এত অল্প সময়ে কীভাবে এই পরিমাণ সম্পত্তির মালিক হওয়া সম্ভব- তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ শিক্ষা অধিদপ্তরের সৎ কর্মকর্তারা।এই সিন্ডিকেটের বিরুদ্ধে আরও ভয়ংকর অভিযোগ রয়েছে। নূর মোহাম্মদ ও শাহিদা শবনম সুকৌশলে বিভিন্ন ব্যবসায়ী, সরকারি-বেসরকারি চাকরিজীবী ও বিত্তবান ব্যক্তিদের অনৈতিক ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং করতেন। পরবর্তীতে সম্মানহানি ও মামলার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হতো। শুধু তাই নয়, প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতিনিয়ত ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিচ্ছে এই চক্র।লোকলজ্জার ভয়ে এতদিন অনেকেই মুখ না খুললেও, সম্প্রতি তাদের এই বেপরোয়া অপকর্মের বিষয়টি প্রকাশ্যে আসতে শুরু করেছে। ভুক্তভোগী কতিপয় ব্যক্তি এই চক্রের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট কর্তৃৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। ওই শিক্ষা কর্মকর্তা ও তার সহযোগীর বিরুদ্ধে অভিযোগের পাহাড় থাকলেও নির্বিকার প্রশাসন। এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে পার পেয়ে যাচ্ছেন তারা। তদন্ত থমকে যাওয়া কিংবা ধামাচাপা পড়ার কারণে সাধারণ শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।এদিকে নুর মোহাম্মদ ওরফে বাবুলের মাল্টা বাগান লিজ নেওয়া সাইফুল ইসলাম জানান, আটিয়া বন অধ্যাদেশের কারণে জমির কাগজপত্রে জটিলতা রয়েছে। এ কারণে ভূমি অফিস খাজনা নিচ্ছেনা এবং এজন্যই ওই জমির উপর ব্যাংক ঋণও দিচ্ছেনা।সরেজমিনে নানাজনের সঙ্গে কথা বলে শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ ওরফে বাবুলের সাক্ষাত না পেয়ে তার মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও এ বিষয়ে কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।কালিয়া ইউপি চেয়ারম্যান জামাল মিয়া জানান- নুর মোহাম্মদ নামে নয়, এলাকায় তিনি বাবুল হিসেবে পরিচিত। এলাকায় তাকে ভালো মানুষ হিসেবেই জানে। তবে বনের জায়গা দখলের বিষয়ে তিনি জানান, এতদাঞ্চলের সবারই ‘আটিয়া বন অধ্যাদেশ’র কারণে খাজনা-খারিজ(নামজারি) করতে পারছেনা।টাঙ্গাইলের সহকারী বন সংরক্ষক রানা দেব জানান, বনের জয়গা জবরদখল করার এখতিয়ার কারো নেই। যদি জবরদখলের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
২০ সেপ্টেম্বর ২০২৬
কালিহাতীতে সরকারের ১৫ কোটি টাকা গচ্চার আশঙ্কা!
মু. আবিদ মল্লিক জয়:টাঙ্গাইলের কালিহাতীতে কোনো প্রকার পানি প্রবাহ না থাকা সত্ত্বেও একটি পরিত্যক্ত ডোবার ওপর প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণ করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। পানি প্রবাহহীন এই স্থানে বিপুল অর্থ ব্যয়ে নতুন করে সেতু নির্মাণকে রাষ্ট্রের কোটি কোটি টাকার ‘মহাপচয়’ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। এলাকাবাসীর দাবি, কোনো জনস্বার্থ ছাড়াই কেবল কাগজ-কলমের রিপোর্টের ওপর ভিত্তি করে এই প্রকল্প নেওয়া হয়েছে। এখানে সেতু না করে স্থানটি মাটি ভরাট করে সোজা সড়ক নির্মাণ করলে একদিকে যেমন দুর্ঘটনা কমবে, অন্যদিকে সরকারের বড় অঙ্কের অর্থ সাশ্রয় ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।সংশ্লিষ্ট সওজ বিভাগ ও দরপত্র সূত্রে জানা গেছে, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় নতুন একটি ৩৮ মিটার দীর্ঘ আরসিসি-পিসি গার্ডার সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এজন্য প্রথমে ১৪ কোটি ৯৬ লাখ ৬৬ হাজার টাকার দরপত্র আহ্বান করে সড়ক ও জনপথ বিভাগ। পরবর্তীতে দরপত্র প্রক্রিয়াকরণ শেষে ১৩ কোটি ২৩ লাখ ৯২ হাজার টাকা চুক্তিমূল্যে কাজটি বাস্তবায়নের জন্য ‘তুর্ন এন্টাপ্রাইজ প্রাইভেট লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠানটি প্রকল্প এলাকায় কাজ শুরুর প্রক্রিয়া চালাচ্ছে।সরেজমিনে প্রকল্প এলাকায় গিয়ে জানা যায়, প্রস্তাবিত সেতু এলাকার চারপাশে এখন ঘনবসতি এবং অসংখ্য পাকা ও আধাপাকা বাড়ি-ঘর গড়ে উঠেছে। ভৌগোলিক বাস্তবতায় এখানে কোনো নদী, খাল বা বিলের অস্তিত্ব নেই। এমনকি অর্ধশত বছর আগেই এই এলাকায় প্রাকৃতিকভাবে পানি প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বর্তমানে এটি একটি সাধারণ ডোবা ছাড়া আর কিছুই নয়।উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি শেখ শফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক, ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম, আজগর আলী, শামীম মন্ডল সহ অনেকেই জানান, এমন একটি মৃত ডোবার ওপর পুরাতন জরাজীর্ণ সেতুটি ভেঙে নতুন করে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে আরেকটি সেতু নির্মাণের এই বিশাল আয়োজন সম্পূর্ণ অযৌক্তিক। এটিকে স্রেফ সরকারি অর্থের অপচয়ের একটি নতুন প্রকল্প বলে আখ্যায়িত করেছে স্থানীয় দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, বর্তমানে থাকা সেতুটির কারণে ব্যস্ততম এই আঞ্চলিক মহাসড়কের কালিহাতী বাসস্ট্যান্ড অংশে একটি বিপজ্জনক মোড়ের (ব্লাইন্ড স্পট) সৃষ্টি হয়েছে। এই ত্রুটিপূর্ণ বাঁকের কারণে প্রতিনিয়ত এখানে ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে এবং ঝরছে তাজা প্রাণ। এছাড়া সেতুর কাঠামোগত সীমাবদ্ধতার কারণে আশেপাশের বাণিজ্যিক এলাকার সার্বিক উন্নয়নও থমকে রয়েছে। ভুক্তভোগী সাধারণ মানুষ ও যানবাহন চালকদের জোর দাবি, সেতুর পরিবর্তে এই স্থানে মাটি ভরাট করে সোজা ও প্রশস্ত সড়ক নির্মাণ করা হোক। এতে মহাসড়কটি নিরাপদ হবে, দুর্ঘটনা শূন্যের কোঠায় নামবে এবং যানজটমুক্ত পরিবেশ তৈরি হয়ে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সরকারের ‘ব্রিজ ম্যানেজমেন্ট উইং’ (বিএমডব্লিউ)-এর নিয়মিত পরিদর্শন, সমীক্ষা ও টেকনিক্যাল প্রতিবেদন অনুযায়ীই এই সেতুটি পুনর্নিমাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আঞ্চলিক মহাসড়কের চেইনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবেই এই ডিজাইন অনুমোদন করা হয়েছে বলে দাবি তাদের। তবে মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মাঝে।স্থানীয় সচেতন মহলের দাবি, রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় এবং জননিরাপত্তার স্বার্থে এই আত্মঘাতী ও অপচয়মূলক প্রকল্পটি দ্রুত পুনঃমূল্যায়ন করা হোক। সেই সাথে সেতুর পরিবর্তে সোজা সড়ক নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।এ বিষয়ে কালিহাতী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মো. আবুল মনছুর জানান, রাষ্ট্রের টাকা অপচয়রোধসহ দুঘর্টনারোধে সেতুরস্থানে সোজা করে সড়ক নির্মাণ করা হলে দুর্নীতি প্রতিরোধ হবে একই সঙ্গে সরকারি অর্থ জনগনের কাজে আসবে। যেখানে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে তা বাস্তবায়িত হলে দুর্ঘটনা কমার বদলে আরো বাড়ার আশঙ্কা রয়েছে।টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমেরী খান জানান, কোন জলাশয় বন্ধ করার এখতিয়ার তাদের নেই। ব্রিজ ম্যানেজমেন্ট উইং এর প্রতিবেদন অনুযায়ী ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। এতে সড়ক দুর্ঘটনার পাশাপাশি হতাহতের সংখ্যা কমবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।তিনি জানান, গত ৭ আগস্ট স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন নতুন সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন।
০৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি হওয়া প্রকৌশলীর চেয়ার আঁকড়ে রাখার অভিযোগ!
কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আরিফ হোসেনের বিরুদ্ধে বদলি হওয়া সত্ত্বেও দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে। দুই সপ্তাহ আগে বদলির আদেশ হলেও নানা অজুহাতে তিনি কর্মস্থল না ছাড়ায় উপজেলার গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সংশয় দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল আরিফ হোসেনকে কক্সবাজারের চকরিয়ায় বদলি করা হয় এবং ভূঞাপুর উপজেলা প্রকৌশলী মো. সানোয়ার হোসেনকে কালিহাতীতে পদায়ন করা হয়। কাগজ-কলমে ১৩ এপ্রিল চকরিয়ায় যোগদান দেখালেও বাস্তবে আরিফ হোসেন এখনো কালিহাতীর অফিসিয়াল দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না। অভিযোগ রয়েছে, যাওয়ার আগে মোটা অঙ্কের অনৈতিক সুবিধা নিতেই তিনি সময়ক্ষেপণ করছেন। ইতোমধ্যেই কাজ শেষ হওয়ার আগেই একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৬২ লাখ টাকা অগ্রিম বিল প্রদান এবং নিম্নমানের কাজের বিনিময়ে ২০ লাখ টাকা ঘুষ গ্রহণের মতো দুর্নীতির তথ্য সামনে এসেছে। স্থানীয়দের দাবি, আরও কয়েকটি বড় প্রকল্পের ‘কমিশন’ পকেটে ভরতেই তিনি নতুন প্রকৌশলীকে দায়িত্ব হস্তান্তরে গড়িমসি করছেন। নতুন যোগদানকৃত প্রকৌশলী মো. সানোয়ার হোসেন জানান, তিনি যোগদান করলেও এখনো চার্জ বুঝে পাননি। ফলে দাপ্তরিক কাজ ও উন্নয়ন প্রকল্প তদারকিতে সমস্যার সৃষ্টি হচ্ছে। বিদায়ী প্রকৌশলী আরিফ হোসেনের টালবাহানায় কালিহাতী এলজিইডি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রকৌশলী (যোগদানকৃত) আরিফ হোসেন বলেন, চকরিয়া উপজেলা প্রকৌশলী সৌরভ দাশের পদোন্নতি হওয়ায় তিনি দায়িত্ব বুঝিয়ে দিতে কিছুটা সময় নিচ্ছেন। তিনি সরে গেলেই আমি কালিহাতীর দায়িত্ব নতুন প্রকৌশলী সানোয়ার হোসেনকে বুঝিয়ে দিব। এ সময় তিনি প্রকল্পের বিল দিতে ঘুষ গ্রহণের বিষয়টি অস্বীকার করেন। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান জানান, কালিহাতী উপজেলা প্রকৌশলীর যোগদান নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। সামনের সপ্তাহের মধ্যে এ জটিলতা দূর হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
২৪ এপ্রিল ২০২৬
মির্জাপুরে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি
মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০নং গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন ৭ ইউপি সদস্য। সরকারি বরাদ্দ, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, প্রকল্পের অর্থ আত্মসাৎ ও অনিয়মের তথ্য উল্লেখ করে তাকে অপসারণের জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. রাফিউল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগকারী ইউপি সদস্যরা হচ্ছেন- ২নং ওয়ার্ডের রফিকুল ইসলাম, ৬নং ওয়ার্ডের মজিবর রহমান, ৭নং ওয়ার্ডের লিটন হোসেন, ৮নং ওয়ার্ডের লুৎফর রহমান, ৯নং ওয়ার্ডের মো. আলাউদ্দিন, ১, ২, ৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের শিউলি আক্তার ও ৭, ৮, ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য সেলিনা আক্তার। অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোড়াই ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি হুমায়ুন কবীর গোপালপুর উপজেলার কলেজছাত্র ইমন হত্যা মামলায় আসামি হন। এক নম্বর প্যানেল চেয়ারম্যান আদিল খানও একাধিক মামলার আসামি। এরপর থেকেই তাঁরা দু’জনই পলাতক রয়েছেন। পরবর্তীতে একই বছরের ১ ডিসেম্বর দুই নম্বর প্যানেল চেয়ারম্যান মো. কামরুজ্জামান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। গত বৃহস্পতিবার(২ এপ্রিল) টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়- ইউপি চেয়ারম্যান বিভিন্ন সরকারি বরাদ্দের প্রকল্প, টিআর, কাবিখা, কাবিটা, উন্নয়ন সহায়তা, রাজস্ব উন্নয়ন তহবিল, বার্ষিক বাজেটের ১ শতাংশ প্রকল্প, হাটবাজারের রাস্তা নির্মাণসহ ৩১টি প্রকল্পে অনিয়ম-দুর্নীতি করেছেন। অভিযোগে আরও দাবি করা হয়- তিনি সব ক্ষেত্রেই একক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এতে পরিষদের সদস্যরা মতামত দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প বন্টনের ফলে ইউনিয়নের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গোড়াই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মো. আলাউদ্দিন বলেন, ডিসি অফিসে একসঙ্গে ৭মেম্বার লিখিত অভিযোগ দিয়েছি। আমাদের ঠকানো হয়েছে। আমরা এর প্রতিকার চাই। গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামান জানান, অভিযোগের বিষয়টি তিনি শুনেছেন। যে প্রকল্পগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে ১০টি প্রকল্প অনুমোদন হয়নি। তবে রেজুলেশন করা হয়েছে। এছাড়া মেম্বাররা অনেক প্রকল্পের সভাপতি হয়েছেন। তার বিরুদ্ধে ইউপি সদস্যরা মিথ্যা অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা) মো. রাফিউল ইসলাম বলেন, এরকম একটি অভিযোগ পেয়েছি। ডিসি স্যারের নির্দেশনায় বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
০৮ এপ্রিল ২০২৬