দৃষ্টি রিপোর্ট:
‘টাকা আসে, ভবিষ্যৎ গড়ে’- স্লোগানে টাঙ্গাইলে প্রথমবারের মতো রেমিট্যান্স মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ওই মেলার আয়োজন করা হয়।
ফিতা কেটে মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
ব্যুরো বাংলাদেশের টাঙ্গাইলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহজাহান আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তরের সহকারী পরিচালক আনোয়ার হোসেন, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, রেমিট্যান্স কেবল একটি পরিবারের আর্থিক স্বাচ্ছন্দ্যই নিশ্চিত করে না বরং এর সঠিক ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে দেশ ও সমাজের সুন্দর, সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মেলায় বিভিন্ন সংস্থার প্রায় অর্ধশত স্টল অংশ নেয়। এসব স্টলে স্থানীয় নারী উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শন করেন। মেলায় প্রবাসী পরিবারের সদস্য, স্থানীয় নারী উদ্যোক্তা ও যুবসমাজের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো।