বরেণ্য নাট্যকার মামুনুর রশীদের টাঙ্গাইলের বাড়িতে চুরি

D
Dristy TV
টাঙ্গাইল • প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ০৬:৩১
বরেণ্য নাট্যকার মামুনুর রশীদের টাঙ্গাইলের বাড়িতে চুরি

দৃষ্টি রিপোর্ট:

দেশবরেণ্য নাট্যকার মামুনুর রশীদের টাঙ্গাইল শহরের ময়মনসিংহ সড়কে পলাশতলী এলাকার পৈতৃক বাড়িতে বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে চুরির ঘটনা ঘটেছে। ওই সময় আলমারি ও ওয়্যারড্রোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সোমবার (১২ অক্টোবর) বিকালে টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মামুনুর রশীদের বোন আফিয়া খান। গত ১০ অক্টোবর (শনিবার) সকাল থেকে বিকালের মধ্যে কোনো এক সময় শহরের ময়মনসিংহ সড়কের পলাশতলী এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়িতে মামুনুর রশীদের বোন আফিয়া খান (রোজি) বসবাস করেন। ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, কয়েক দিন আগে ঢাকায় যাওয়ার সময় আফিয়া খান তার পূর্বপরিচিত শফিকুর রহমানকে বাড়িটি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান। শনিবার সকাল ৯টার দিকে শফিকুর বাড়িটি তালা দিয়ে বাইরে যান। তখন বাড়ির সব জিনিসপত্র ঠিকঠাক ছিল। পরে ওইদিন বিকাল পাঁচটার দিকে বাড়িতে ফিরে শফিকুর দেখেন, বারান্দার গ্রিলের তালা ভাঙা। তিনি কক্ষের ভেতরে ঢুকে মেঝেতে বিভিন্ন জিনিসপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান। এ সময় তিনটি স্টিলের আলমারি ভাঙা এবং কাঠের একটি ওয়্যারড্রোব খোলা দেখতে পান। আলমারিগুলোতে ৯ ভাই-বোনের মূল্যবান জিনিসপত্র ছিল। তবে তিনি ঢাকায় থাকায় এবং ভাই-বোনেরা সবাই উপস্থিত না থাকায় কী চুরি হয়েছে- তা এখনই বলা যাচ্ছে না।

আফিয়া খান জাানান, এটা কি নিছক চুরি নাকি অন্য কোনো উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।

নাট্যকার মামুনুর রশীদ জানান, টাঙ্গাইল শহরের পৈতৃক বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে আলমারির জিনিসপত্র তছনছ করা হয়েছে- এ খবরটি তিনি ভাই-বোনদের মাধ্যমে জানতে পেরেছেন।

প্রকাশ, বরেণ্য নাট্যকার ও অভিনেতা মামনুর রশীদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভবনদত্ত।

একই বিষয়ের আরও খবর