‘রাজনীতি মানেই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনকল্যাণ করা’

টাঙ্গাইলে আলেমা ভাসানীর স্মরণসভায় বক্তারা
D
Dristy TV
টাঙ্গাইল • প্রকাশিত: ১৫ মিনিট আগে
‘রাজনীতি মানেই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনকল্যাণ করা’

দৃষ্টি রিপোর্ট:

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং তাঁর সহধর্মিণী বেগম আলেমা খাতুন ভাসানীর কর্মময় জীবন ও সুমহান আদর্শ নতুন বাংলাদেশ গঠনে যুগান্তকারী প্রেরণা জোগাবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

শনিবার (১০ অক্টোবর) টাঙ্গাইলের সন্তোষ দরবার হলে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে বেগম আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্মরণসভার আগে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সন্তোষে মওলানা ভাসানী ও বেগম আলেমা খাতুনের মাজার জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, ‘আমরা বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি। এই লক্ষ্য অর্জনে মওলানা ভাসানীর আজীবন সংগ্রাম ও জনকল্যাণমুখী জীবন আমাদের পথ দেখাবে।’

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘গত ১৭ বছরে মওলানা ভাসানী ও আলেমা খাতুন ভাসানীর স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানগুলোকে চরম অবহেলায় অচল করে রাখা হয়েছিল। বর্তমান গণতান্ত্রিক সরকার গুণীজনদের স্মৃতিধন্য প্রতিষ্ঠানগুলো সচল করতে আন্তরিকভাবে কাজ করছে।’

বেগম আলেমা খাতুন ভাসানীর অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, মওলানা ভাসানীর প্রতিটি জনকল্যাণমূলক কাজে এই মহিয়সী নারী সাহস জুগিয়েছেন এবং পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি জনকল্যাণ ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার কাজে বিলিয়ে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে টাঙ্গাইল সদর আসনের এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন থেকে ত্যাগ ও জনকল্যাণের দীক্ষা নিতে হবে। রাজনীতি মানেই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনগণের কল্যাণে আত্মনিয়োগ করা।’ তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশপ্রেমের চেতনাকে বুকে ধারণ করে মওলানা ভাসানীর দেখানো ন্যায় ও আদর্শের পথে টাঙ্গাইলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, উপ-উপাচার্য প্রো-ভিসি) অধ্যাপক ড. মো. আনিসুর রহমান এবং টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।

স্মরণসভা শেষে অতিথিরা বেগম আলেমা খাতুন ভাসানীর জীবন ও কর্মের ওপর রচিত একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

একই বিষয়ের আরও খবর