দৃষ্টি রিপোর্ট:
টাঙ্গাইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ।
সভায় মতামত ব্যক্ত করেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম, শ্রী শ্রী কালীবাড়ীর প্রধান উপদেষ্টা ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি শ্যামল হোড়, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অমল ব্যানার্জি, যুগ্ম-আহ্বায়ক ড. পিনাকী দে, সদস্য সচিব শংকর সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সরকার, শ্রী শ্রী কালীবাড়ীর উপদেষ্টা ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র মোহন ঘোষ, সহ-সভাপতি দুলাল চন্দ্র সাহা এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে আগত জেলা পূজা উদযাপন ফ্রন্ট ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। বক্তারা দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপনের বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ এবং প্রিণ্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।