অপশক্তির অপচেষ্টা জনগণই রুখে দেবে : প্রতিমন্ত্রী টুকু

D
Dristy TV
টাঙ্গাইল সদর • প্রকাশিত: ২ মিনিট আগে
অপশক্তির অপচেষ্টা জনগণই রুখে দেবে : প্রতিমন্ত্রী টুকু

দৃষ্টি রিপোর্ট:

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, জনগণের রায় নিয়ে আমরা নির্বাচিত হয়েছি। জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সেই অপশক্তির অপচেষ্টা জনগণই ঐক্যবদ্ধভাবে রুখে দিবে। শুক্রবার (২০ নভেম্বর) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নে টাঙ্গাইল-চারাবাড়ী-তোরাবগঞ্জ সড়কে বিভিন্ন উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের রায়কে সবাইকে শ্রদ্ধা জানাতে হবে। পাঁচ বছর পরপর জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়। জনগণ চায়, নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন হবে এবং তারা নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, জনগণ মনে করে সেই ষড়যন্ত্র মূলত জনগণের বিরুদ্ধেই। কাজেই জনগণ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র রুখে দেবে।

বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দীর্ঘদিন ধরে টাঙ্গাইল-চারাবাড়ী-তোরাবগঞ্জ সড়কটি বেহাল অবস্থায় ছিল। এটি পাকাকরণের দাবি ছিল চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। অবশেষে আজ রাস্তাটির কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠানে টাঙ্গাইল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিন বাগবাড়ি বাজার থেকে ইশাপাশা পর্যন্ত ২.০৯ কিলোমিটার সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে খেজুরতলা বাজার থেকে তোরাবগঞ্জ বাজার পর্যন্ত ২.২৯ কিলোমিটার নবনির্মিত সড়কের উদ্বোধন করেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব উন্নয়নকাজ বাস্তবায়িত হচ্ছে।

একই বিষয়ের আরও খবর