দৃষ্টি নিউজ:
প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীর সৃজনশীল সাফল্য ও অর্জনকে উদযাপন করতে প্রাইমএশিয়া ইউনিভার্সিটিতে আগামিকাল বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’-এর বিশেষ প্রদর্শনী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আইকিউএসি (IQAC) হলে দুপুর ৩টায় এই প্রদর্শনীটি শুরু হবে।
হক পরিচালিত সমসাময়িক ও আলোচিত এই চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক ও পরিবেশক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন প্রাইমএশিয়া ইউনিভার্সিটিরই গর্বিত প্রাক্তন শিক্ষার্থী মো. হাফিজ উদ্দিন মুন্না। মূলত প্রাক্তন শিক্ষার্থীর এই অনন্য অর্জনকে সম্মান জানাতে এবং বর্তমান শিক্ষার্থীদের সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত করতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ এই প্রদর্শনীর উদ্যোগ গ্রহণ করেছে।
আয়োজনটি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. মুসফিকুর রহমান জানান, বিশেষ এই প্রদর্শনীটি উপভোগ করার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
নিজ ক্যাম্পাস প্রাঙ্গণে নিজেদেরই এক প্রাক্তন শিক্ষার্থীর এমন প্রশংসনীয় সৃজনশীল কাজ প্রদর্শনের উদ্যোগকে ঘিরে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের আবহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আগামিকালের এই বিশেষ প্রদর্শনীটি একটি মিলনমেলায় পরিণত হবে।