দৃষ্টি রিপোর্ট:
টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ করতে গিয়ে নিজেরাই চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছেন চার সাংবাদিক। স্থানীয় বিএনপি নেতার দায়ের করা মামলায় তাদের হাতকড়া পরিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত সাংবাদিকরা হচ্ছেন- এনটিভি ডিজিটালের সখীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান, স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির এবং সুজনের সহকারী সানিম মিয়া।
এর আগে, শুক্রবার রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় ওই ঘটনা ঘটে। শনিবার সকালে ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় দেওবাড়ী বাজারে নজরুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে এক নারীকে যৌন নিগ্রহের(ধর্ষণের) অভিযোগের মীমাংসার খবর সংগ্রহ করতে যান তারা। স্থানীয় মাতবরদের সহযোগিতায় ২ লাখ ৮০ হাজার টাকায় ওই ঘটনার মীমাংসা হয়েছে বলে তারা জানতে পারেন। এর মধ্যে ওই নারীকে ২ লাখ টাকা এবং মাতব্বরদের ৮০ হাজার টাকা দেওয়া হয় বলে তাদের কাছে তথ্য আসে।
এ সময় স্থানীয় এক মাতবর সাংবাদিকদের জানান, পাশের একটি বাড়িতে কয়েকজন মাদক সেবন করছেন। পরে সাংবাদিকরা ওই বাড়িতে চারজনকে গাঁজা সেবন করতে দেখে ভিডিও ধারণ করেন। অভিযোগ, এ সময় ওই বাড়ির মালিকের স্ত্রী স্থানীয় যুবদল নেতা জাহিদকে ফোন করেন। পরে জাহিদ সাংবাদিকদের বাজারে নিয়ে যান। সেখানে বাড়ির মালিকের স্ত্রী সাংবাদিকদের এক সহকারীর পকেটে কৌশলে ৮ হাজার টাকা ঢুকিয়ে চলে যান বলে অভিযোগ করেন তারা।
সাংবাদিকরা জানায়, এরপর জাহিদ ২০০ থেকে ৩০০ লোক সমবেত করে ‘মব’ করার চেষ্টায় তাদের ঘিরে ফেলেন এবং হেনস্তার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
আদালতে নেওয়ার সময় এনটিভি ডিজিটালের সখীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন বলেন, মাদকসেবীরা তাদের ম্যানেজ করার চেষ্টা করেন। রাজি না হওয়ায় তাদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টি করে ফাঁসানো হয়েছে। তাদের এক সহকারীর পকেটে জোর করে ৮ হাজার টাকা ঢুকিয়ে দেওয়া হয়। অথচ মাদকসেবীরা বাইরে ঘুরে বেড়াচ্ছেন।
মামলার বাদী ফজলুর রহমান ফজলু জানান, গ্রামবাসীর অনুরোধে তিনি মামলার বাদী হয়েছেন। তবে মাদক সেবনের অভিযোগে মামলা করা হয়নি কেন?- এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।
সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি-তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, মামলায় চাঁদা দাবি ও আদায়ের অভিযোগ আনা হয়েছে। তবে যার কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, তিনি কেন মামলার বাদী হননি?- এ প্রশ্নেরও সদুত্তর দিতে পারেননি তিনি।
এদিকে মামলার বাদী বিএনপি নেতা হওয়ায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনা ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপি বলেন, ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। যারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত, তাদেরও আইনের আওতায় আনা হবে।