দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের বাসাইল উপজেলা সদরে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন এবং দেলদুয়ারের লাউহাটী কার্যালয়ে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার(১৮ নভেম্বর) ভোর সোয়া ৩ টার দিকে গ্রামীণ ব্যাংক বাসাইল উপজেলা শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রায় একই সময় দেলদুয়ারের লাউহাটী কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ককটেল বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, বাসাইল উপজেলা পরিষদ সংলগ্ন স-মিল এলাকায় দ্বিতীয়তলা ভবনের গ্রামীণ ব্যাংকের নিচ তলার দরজায় পেট্রোল ঢেলে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ সময় ব্যাংকের নাইট গার্ড বিষয়টি দেখতে পেয়ে দ্বিতীয় তলায় থাকা অন্যান্য কর্মকর্তাদের ডেকে এনে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এই সময়ে ভবনটির দুইটি দরজা আগুনে ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর পেয়ে বাসাইল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন। এ ঘটনায় বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বাসাইল উপজেলা গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. বাবুল মিয়া বলেন, ‘দুর্বৃত্তদের দেওয়া আগুনে ব্যাংকের অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষণিকভাবে পানি ও বালু ছিটিয়ে দ্রুততম সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনেন। একারণে বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি। তবে দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’
বাসাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আলমগীর কবির বলেন, ‘গ্রামীণ ব্যাংকের সামনের গেইটে বোতল দিয়ে পেট্রোল ঢেলে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। অফিসের বারান্দায় কিছুটা ক্ষতি হয়েছে। এছাড়া বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
গ্রামীণ ব্যাংকের টাঙ্গাইল জেলার এরিয়া ম্যানেজার মো. আব্বাস উদ্দিন জানান, গ্রামীণ ব্যাংকের দুটি শাখা কার্যালয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাসাইলে আগুনের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। লাউহাটীর গ্রামীণ ব্যাংকে ককটেল নিক্ষেপ করলে সেটি কার্যালয়ের সামনে বিস্ফোরিত হয়েছে। ফলে সেখানে কোনো প্রকার ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।