দৃষ্টি রিপোর্ট:
আওয়ামী ফ্যাসিবাদীচক্র নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী যুবদল। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আবদুল্লাহ হেল কাফি শাহেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহিদ হোসেন মালা, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ হাবিবুল আলম শাতিল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার কবিরুজ্জামান কবির, সদস্য সচিব ইকবাল তালুকদার, শহর যুবদলের আহ্বায়ক রাশেদ খান সোহাগ, সদস্য মীর মাজেদুর রহমান সজিব, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল, নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক স্বাধীন মিয়া, সদস্য সচিব নজরুল ইসলাম, কালিহাতী উপজেলার আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদীচক্র নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র যাতে কোনোভাবেই সফল না করতে পারে সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। ওয়ার্ড, পাড়া-মহল্লা, ইউনিয়ন, থানা সহ সকল পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।