টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২

D
Dristy TV
টাঙ্গাইল • প্রকাশিত: ১ ঘণ্টা আগে
টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২

দৃষ্টি রিপোর্ট:

টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র জেলা সদর রোডের বটতলা এলাকায় বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি ও পাহারাদারদের ওপর হামলার ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- শহরের আকুরটাকুর পাড়ার বাসিন্দা ও বিআরবি কেবলসের পাহারাদার মিজানুর রহমান(৫০) এবং হকারর্স মার্কেটের নিরাপত্তাকর্মী আব্দুল খালেক(৫৫)।

পুলিশ ও ব্যবসায়ীরা জানায়, বুধবার রাত ৩টার দিকে জেলা সদর রোডের বটতলা এলাকায় অবস্থিত ময়নামতি জুয়েলার্স, পরশমনি জুয়েলার্স, ইসরাত ইলেকট্রিক হাউজ এবং বিআরবি কেবলসের শোরুমে হানা দেয় একদল দুর্বৃত্ত। এ সময় দায়িত্বরত দুই পাহারাদারকে বেধড়ক মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় ওই দুই পাহারাদার মিজানুর রহমান ও আব্দুল খালেককে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্বৃত্তরা পরশমনি জুয়েলার্স ও বিআরবি কেবলসের শোরুমের মালামাল নিতে না পারলেও ময়নামতি জুয়েলার্স ও ইসরাত ইলেকট্রিক হাউজ থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেয়।

ময়নামতি জুয়েলার্সের স্বত্বাধিকারী বিমল চন্দ্র কর্মকার বলেন, প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়ে দোকানের সামনে এসে দেখেন তালা কাটা। ভেতরে ঢুকে দেখতে পান, খালেক নামে একজন নিরাপত্তাকর্মীকে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে এবং দোকানের মূল্যবান সব মালামাল লুট হয়ে গেছে। লুণ্ঠিত মালামালের মূল্য প্রায় ৫ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ইসরাত ইলেকট্রিক হাউজের স্বত্বাধিকারী সিরাজুল ইসলামের শ্যালক আতিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার(১৯ নভেম্বর) সকালে কর্মচারীরা দোকানের তালা কাটা দেখে খবর দেন। পরে দোকানে এসে দেখা যায়, ভেতরের সবকিছু এলোমেলো এবং ক্যাশে থাকা নগদ ৭০ হাজার টাকাসহ প্রায় ৩ লাখ ২ হাজার ৭০০ টাকা মূল্যের বৈদ্যুতিক তার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাহেরুল ইসলাম জানান, ঘটনাটি পুলিশ অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করছে। তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই বিষয়ের আরও খবর