এসএসসি ফরম পূরণে ‘কোচিং বাণিজ্য’ :: অভিযোগ দিয়ে শাসানির মুখে শিক্ষার্থীরা

টাঙ্গাইলের ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল অ্যান্ড কলেজ
D
Dristy TV
টাঙ্গাইল সদর • প্রকাশিত: ২ মিনিট আগে
এসএসসি ফরম পূরণে ‘কোচিং বাণিজ্য’ :: অভিযোগ দিয়ে শাসানির মুখে শিক্ষার্থীরা

দৃষ্টি রিপোর্ট:

টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহ্যবাহী ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল অ্যান্ড কলেজে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বাধ্যতামূলক কোচিংয়ের নামে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ১ হাজার ২০০ টাকা করে আদায় করছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম। এ ঘটনায় সোমবার(২৩ নভেম্বর) দুপুরে কয়েকজন শিক্ষার্থী জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত অভিযোগ দিলে, পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ডেকে নিয়ে শাসানোর অভিযোগ পাওয়া গেছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে বিজ্ঞান বিভাগে ২ হাজার ৪৩৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটি এর বাইরে কোচিং ফি বাবদ অতিরিক্ত ১ হাজার ২০০ টাকা বাধ্যতামূলক করেছে।

অভিযোগপত্রে শিক্ষার্থীরা জানায়, কোচিং ফি না দিলে ফরম পূরণ করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে- যা অনেক অসচ্ছল পরিবারের পক্ষে দেওয়া অসম্ভব। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানায়, ডিসির কাছে অভিযোগ দেওয়ার বিষয়টি জানাজানি হলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাদের কাছ থেকে আবেদনের প্রাপ্তিস্বীকার (রিসিভ) কপি কেড়ে নেন এবং অভিভাবকদের ডেকে কড়া ভাষায় শাসান। তাদের আরও অভিযোগ, শিক্ষকরা ঠিকমতো না পড়ালেও ফেল করার দায় শিক্ষার্থীদের ওপর চাপিয়ে পরীক্ষায় বসতে না দেওয়ার শাস্তি দেওয়া হয়।

অভিভাবক আব্দুল হালিম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দায়িত্বরতদের অবহেলায় প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার মান নষ্ট হচ্ছে, যাতে সরকারেরও বদনাম হচ্ছে।’ আরেক অভিভাবক মোকিম মিয়া জানান, অতিরিক্ত ফি আদায়ের পাশাপাশি বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ যোগদানের পর থেকেই এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ইতোপূর্বেও ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করলে তিনি তৎকালীন আওয়ামী লীগ দলীয় এমপি ছানোয়ার হোসেনের নাম ভাঙিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি দিতেন।

অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘টেস্ট পরীক্ষায় ১০৩ জনের মধ্যে ৫৩ জনই ফেল করেছে। কোচিংয়ের জন্য ১ হাজার ২০০ টাকা নেওয়া হচ্ছে। এছাড়া অভিযোগকারী শিক্ষার্থী ও অভিভাবকদের ডেকে বিষয়টি নিয়ে বসা হয়েছে। স্কুলের বিষয়, স্কুলেই সমাধান করা হবে।’

এ সপ্তাহের রাশিফল

এ সপ্তাহের রাশিফল

২১ নভেম্বর ২০২৬

একই বিষয়ের আরও খবর