এতিমদের নিয়ে কালবেলার ৪ বছরপূর্তি উদযাপন

D
Dristy TV
টাঙ্গাইল • প্রকাশিত: ১ ঘণ্টা আগে
এতিমদের নিয়ে কালবেলার ৪ বছরপূর্তি উদযাপন

দৃষ্টি রিপোর্ট:

‘অগ্রযাত্রার চার বছর’ স্লোগানে গৌরবময় চার বছরের সফল পথচলা পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে জাতীয় দৈনিক কালবেলা। দেশ ও মানুষের কথা বলার এই অনন্য যাত্রার বর্ষপূর্তি উপলক্ষে টাঙ্গাইলে এতিম শিশুদের নিয়ে কেক কাটা, আলোচনা সভা, খাবার বিতরণ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল শহরের দারুল কুরআন ইসলামী হাফিজা মাদ্রাসা ও এতিমখানায় এক পুণ্যময় ও অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসকের প্রতিনিধি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ শর্মা। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপারের প্রতিনিধি ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ এবং টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল। অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক কালবেলার টাঙ্গাইল জেলা প্রতিনিধি মো. শাহ আলম।

শুভেচ্ছা বক্তব্যে মো. শাহ আলম কালবেলা পরিবারের সকল পাঠক, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘শুরু থেকেই কালবেলা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিতে অবিচল রয়েছে। আগামি দিনগুলোতেও সত্য প্রকাশে এই আপসহীন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’ এ সময় তিনি প্রতিষ্ঠানে কর্মরত সকলের জন্য দোয়া কামনা করেন।

প্রধান ও বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, প্রতিষ্ঠার পর থেকেই দৈনিক কালবেলা বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে অত্যন্ত দ্রুততম সময়ে পাঠকহৃদয়ে জায়গা করে নিয়েছে। দেশ ও জণগণের অধিকারের কথা তুলে ধরা এবং সমসাময়িক ঘটনাবলি দ্রুত ও নির্ভুলভাবে পাঠকের দরবারে পৌঁছে দেওয়ার মাধ্যমে পত্রিকাটি গণমাধ্যম অঙ্গনে নিজস্ব এক শক্তিশালী অবস্থান তৈরি করেছে। চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণের এই মাহেন্দ্রক্ষণে কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন এবং আগামিতেও দেশের উন্নয়নে এই পত্রিকা সম্মুখসারির ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি রঞ্জিত কৃষ্ণ পণ্ডিত, ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি সাজ্জাত হোসেন লিংকন, গ্রিন টিভির জেলা প্রতিনিধি মাসুদ কাউছার, সাংবাদিক মনির হোসেন, আনোয়ার হোসেন নয়নসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এছাড়া এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক কামরুল হুদা রাজ্জাক, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভা শেষে মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি শিশুদের সাথে নিয়ে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে শিশুদের মাঝে উন্নতমানের দুপুরের খাবার বিতরণ করা হয়।

শেষে দৈনিক কালবেলার সমৃদ্ধি, উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

একই বিষয়ের আরও খবর