দুই শতাধিক দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

D
Dristy TV
টাঙ্গাইল সদর • প্রকাশিত: ২৩ মিনিট আগে
দুই শতাধিক দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দৃষ্টি রিপোর্ট:

সারাদেশের মতো টাঙ্গাইল সদর উপজেলায়ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার(২০ অক্টোবর) দিনভর টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। তিনি এই দুই দিনে উপজেলার দুই শতাধিক দুর্গাপূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও পুণ্যার্থীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

পরিদর্শনকৃত মণ্ডপগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সাদত বাজার পূজামন্দির, বেতকা দাসপাড়া পূজামণ্ডপ (২টি), আদালতপাড়া পূজামণ্ডপ, শ্রী শ্রী বড় কালীবাড়ি মন্দির, বাজিতপুর সাহাপাড়া পূজামণ্ডপ, থানাপাড়া পূজামণ্ডপ, হরিজন কলোনি পূজামন্দির, কাগমাড়ির বিভিন্ন পূজামণ্ডপ, কলেজপাড়া পূজামণ্ডপ, প্যারাডাইসপাড়া পূজামণ্ডপ, ছোট কালীবাড়ি পূজামন্দির, বটতলাস্থ রামকৃষ্ণ মিশন আশ্রম মণ্ডপ, দেওলা পূজামন্দির, সাবালিয়া হরিপাগল পূজামণ্ডপ, সাবালিয়া পাঞ্জাপাড়া পূজামণ্ডপ, বেতকা ধোপাপাড়া পূজামণ্ডপ এবং রেজিস্ট্রিপাড়া পূজামণ্ডপ ইত্যাদি।

পূজামণ্ডপ পরিদর্শনকালে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ধর্মীয় ভেদাভেদ ভুলে আমরা সবাইকে নিয়ে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। আমাদের এই দেশে কোনো ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ বলে কিছু নেই; আমরা সবাই বাংলাদেশি এবং সবাই মিলে একসাথেই এই দেশের উন্নয়ন নিশ্চিত করব।

নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ জোর দিয়ে প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, যার যার ধর্ম সে শান্তিপূর্ণভাবে পালন করবে, আর প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। এই লক্ষ্যে দুর্গাপূজা ঘিরে প্রতিটি পূজামণ্ডপকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সার্বিক নিরাপত্তায় পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন রয়েছে। সেই সাথে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে মাঠপর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন। দেশের কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে, যাতে অপশক্তির যেকোনো অপতৎপরতা রুখে দেওয়া যায়।

এদিকে, মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রতিমন্ত্রী এক মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময় সভা শেষে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা টাঙ্গাইল শহরের ছোট কালীবাড়ি, বড় কালীবাড়িসহ বিভিন্ন পূজামণ্ডপ পর্যায়ক্রমে পরিদর্শন করেন। এ সময় তাঁরা পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই বিষয়ের আরও খবর