শনিবার ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩, ১১ মহররম ১৪৪৮
DristyTV

হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা

হুমকিতে যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তি

D
Dristy TVপ্রকাশ: ২৭ জুন, ২০২৬ দুপুর ১২:৩৭
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা

দৃষ্টি ডেস্ক:

ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে ইরানের ড্রোন হামলার পর গতকাল ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর ইরানও আবার মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এরমধ্যে হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে নতুন করে হামলার ঘটনা ঘটেছে।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউকেএমটিও শনিবার (২৭ জুন) জানিয়েছে, অজ্ঞাত একটি বস্তু হরমুজে ট্যাংকারে আঘাত হেনেছে। ট্যাংকারের ক্যাপ্টেন হামলার বিষয়টি জানিয়েছেন। অজ্ঞাত বস্তুটি ট্যাংকারের কমান্ড সেন্টারের ওপর পড়েছে উল্লেখ করে ক্যাপ্টেন বলেছেন জাহাজটির সব ক্রু সুস্থ আছেন এবং হামলার জেরে পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলার বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে ইউকেএমটিও।

বাহরাইনে ইরানের ড্রোন হামলা

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যে বাহরাইন জানিয়েছে, আজ সকালে ইরান তাদের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে। তবে এ ড্রোন সরাসরি আঘাত হেনেছে কি না সেটি নিশ্চিত নয়। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় ড্রোন হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছে, শনিবার সকালের এ হামলা বাহরাইনে ভৌগলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

ইরান নতুন হামলায় বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করেছে বলে জানিয়েছে বাহরাইন। তবে এগুলো কোন জায়গায় টার্গেট করা হয়েছে সেটি স্পষ্ট করেনি দেশটি। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে ইরানের ড্রোন হামলা সাধারণ নাগরিকের জীবনকে হুমকির মুখে ফেলেছিল। এরসঙ্গে এ অঞ্চলে উত্তেজনা প্রশমনে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটিকেও হুমকিতে ফেলা হয়েছে।

সূত্র: আলজাজিরা