সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে বিএসসিএফের ঈদ আনন্দ উৎসব

সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ঈদ আনন্দ উৎসব ‘উৎসবে সবাই’ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর ভদ্রা পার্কে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এ ঈদ আনন্দ উৎসব সম্পন্ন হয়।
বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরাম (বিএসসিএফ) এবং বিএসসিএফ ইয়ুথ নেটওয়ার্ক-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ জন শিশুর মুখে হাসি ফোটানোর পাশাপাশি তাদের হাতে ঈদের বিশেষ উপহার তুলে দেওয়া হয়।
বিএসসিএফ বিশ্বাস করে, উৎসবের আনন্দ কোনো নির্দিষ্ট শ্রেণি বা পেশার মানুষের জন্য নয়, বরং এটি সবার। সেই মূলমন্ত্রকে সামনে রেখেই এ বছর ঈদ-উল-ফিতরের আমেজকে প্রান্তিক শিশুদের মাঝে ছড়িয়ে দিতে এই বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল আর্থিক সক্ষমতা না থাকা শিশুদের ঈদের রঙিন উৎসবে শামিল করা এবং তাদের জন্য এক নির্মল আনন্দের দিন উপহার দেওয়া।
বিএসসিএফ ও বিএসসিএফ ইয়ুথ নেটওয়ার্কের সদস্যরা এই দিনে ঈদ পোশাকে সজ্জিত হয়ে দিনভর শিশুদের সাথে আনন্দ ভাগ করে নেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অনুদান ও সহযোগিতার মাধ্যমেই এই আয়োজন সফল করা সম্ভব হয়েছে। শিশুদের মুখে এক চিলতে হাসি ফোটানোর এই ক্ষুদ্র প্রচেষ্টায় যারা অংশীদার হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএসসিএফ টিম।
ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার রক্ষা এবং তাদের মানসিক বিকাশে এ ধরনের অন্তর্ভুক্তিমূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বিএসসিএফ ও বিএসসিএফ ইয়ুথ নেটওয়ার্ক।
