সোমবার ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩, ২৭ মহররম ১৪৪৮
DristyTV

আগামিকাল মহান মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

D
Dristy TVপ্রকাশ: ১৩ জুলাই, ২০২৬ দুপুর ০১:৪৯
আগামিকাল মহান মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

দৃষ্টি রিপোর্ট:

মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামিকাল মঙ্গলবার(১৪ জুলাই)। ২০২০ সালের এই দিনে ৭৭ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।

দিবসটি উপলক্ষ্যে শাজাহান সিরাজ ফাউন্ডেশন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ এবং শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এদিন সকালে ঢাকার বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করা হবে। ঢাকা ও টাঙ্গাইলের কালিহাতীতে কোরআনখানি, দুঃস্থ শিশুদের মাঝে খাদ্য বিতরণ, কালিহাতীর বিভিন্ন মসজিদ ও মন্দিরগুলোতে বিশেষ দোয়া ও প্রার্থণার আয়োজন করা হয়েছে। এছাড়া শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সকালে কালিহাতীতে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

টাঙ্গাইলের কালিহাতী শাজাহান সিরাজ কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণের ‘রাবেয়া সিরাজ একাডেমিক ভবন’-এর হলরুমে সকাল ১০টায় এক বিশেষ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শাজাহান সিরাজ কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এবং মরহুমের কন্যা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন, কলেজের দাতা সদস্য ও পরিচালনা পরিষদের প্রতিনিধি রাবেয়া সিরাজ। এছাড়া জাতীয় ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা আলোচনায় অংশ নেবেন।

ছাত্রনেতা শাজাহান সিরাজ ৬৬-এর ঐতিহাসিক ছয় দফা ও ৬৯-এর গণঅভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭১ সালের ৩ মার্চ পল্টন ময়দানে ছাত্র-জনতার উত্তাল সমাবেশে তিনি মহান স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। তিনি স্বাধীনতার পর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন এবং পরবর্তীতে বিএনপির রাজনীতিতে যুক্ত হন।

তিনি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে মোট পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অত্যন্ত সততা ও দক্ষতার সাথে সরকারের নৌপরিবহণ প্রতিমন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। কালিহাতী ছাড়াও দিনটি উপলক্ষ্যে পারিবারিকভাবে বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।