সাগর-রুনি হত্যার বিচারে কালক্ষেপণে ‘ডিপ স্টেট’ দায়ী

দৃষ্টি রিপোর্ট:
দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। তারা অভিযোগ করেছেন, তদন্তে অবহেলা ও ডিপ স্টেটের প্রভাবের কারণেই এখনো রহস্য উদ্ঘাটন হয়নি। সোমবার (৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব অভিযোগ তোলা হয়।
সাংবাদিক হারুনুর রশিদ স্বপন বলেন, হত্যাকাণ্ডের পর ৪৮ ঘণ্টার মধ্যে অগ্রগতির কথা বলা হলেও ১৪ বছরেও তা বাস্তবে দেখা যায়নি। পর্দার আড়ালে শক্তিশালী কোনো গোষ্ঠী এই ঘটনাকে নিয়ন্ত্রণ করেছে বলে সন্দেহ রয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, বিগত সরকারের পাশাপাশি পরবর্তী সময়েও মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। এখন আমাদের দায়িত্ব, এই ধামাচাপার সংস্কৃতি ভেঙে দেওয়া- বলেন তিনি।
ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১২৩ বার পেছানো হয়েছে, যা নজিরবিহীন। কেন র্যাবের হাতে তদন্ত দেওয়া হলো, সেটিও খতিয়ে দেখা দরকার।
সমাবেশে বক্তারা বলেন, শুরুতে সাংবাদিকদের মধ্যে যে ঐক্য ছিল, তা সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়েছে। এই সুযোগে একটি মহল সুবিধা নিয়েছে বলেও অভিযোগ করেন তারা।
সাংবাদিক নেতারা ডিআরইউসহ অন্যান্য পেশাজীবী সংগঠনকে আবারও ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের ডাক দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, এই হত্যার বিচার না হলে ভবিষ্যতে কেউই নিরাপদ থাকবে না।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হন সাগর সারোয়ার ও মেহরুন রুনি।
সম্পর্কিত খবর

বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছিল :: প্রতিমন্ত্রী টুকু
২০/০৪/২০২৬

নববর্ষের জনসমাগমে হাম ছড়ানোর তীব্র ঝুঁকি
১৩/০৪/২০২৬

শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ
১২/০৪/২০২৬

ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন
১২/০৪/২০২৬

সমাজে সাংবাদিকদের অনেক দায়-দায়িত্ব রয়েছে :: বিচারপতি আব্দুল হাকিম
০৯/০৪/২০২৬

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মীর মৃত্যু
০৬/০৪/২০২৬
