ভাইরাল সেই ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় বিদায়

দৃষ্টি নিউজ:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বজুড়ে ভাইরাল হওয়া অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে রাজসিক সংবর্ধনার মাধ্যমে বিদায় জানিয়েছে নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্ম। সোমবার (২৫ মে) সন্ধ্যায় মহিষটিকে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়।
এর আগে, দুপুর থেকেই ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানানোর রাজকীয় প্রস্তুতি শুরু করেন খামারিরা। বিশালাকার মহিষটিকে গোসল করানোর পর পরানো হয় রাজকীয় পোশাক। এরপর রঙিন স্মোক (রঙিন ধোঁয়া) উড়িয়ে ও লাল গালিচায় হাঁটিয়ে বিদায় দেওয়া হয় তাকে। দীর্ঘদিন পরম যত্নে লালন-পালন করা প্রিয় পশুটিকে বিদায় দেওয়ার সময় খামারের মালিক ও কর্মচারীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
খামার কর্তৃপক্ষ জানায়, এই মহিষটির গায়ের রঙ, চুল ও চোখের গঠন দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। এই মিল থাকার কারণেই খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই শখ করে এর নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’।
ব্যতিক্রমী চেহারার ৭০০ কেজি ওজনের এই মহিষটি কোরবানির হাটে তোলার আগেই লাইভ ওয়েটে প্রতি কেজি ৫৫০ টাকা দরে প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকায় কিনে নেন রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা সামির। নাম ও চেহারার কারণে মহিষটি খামারে থাকা অবস্থাতেই দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেরও নজর কাড়ে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে বহু মানুষ এটি দেখতে খামারে ভিড় জমাতেন।
রাবেয়া এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা তার অনুভূতি ব্যক্ত করে বলেন, দীর্ঘদিনের মায়ায় জড়ানো ‘ডোনাল্ড ট্রাম্প’-কে বিদায় দিতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। কিন্তু কোরবানির ত্যাগের মহিমায় তাকে হাসিমুখে বিদায় দিতেই হবে। এই রাজকীয় মহিষটির স্মৃতি আমরা আজীবন মনে রাখব।
মহিষটির ক্রেতা সামির বলেন, অনেক আগেই আমি মহিষটি পছন্দ করে কিনে রেখেছিলাম। পরে হঠাৎ করেই এটি বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়। এখন আমার এলাকার মানুষ ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

শেষ মুহূর্তে জমে উঠেছে টাঙ্গাইলের বৃহত্তর গোবিন্দাসী গরুর হাট
২৬/০৫/২০২৬

শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে মানববন্ধন
১৬/০৪/২০২৬

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১৪/০৪/২০২৬

বর্তমান সংসদের এমপিদের ঋণ ১১ হাজার কোটি টাকা
০৬/০৪/২০২৬

সোনা-রুপার দাম কমেছে
০৬/০৪/২০২৬

যুদ্ধ ও মন্দার প্রভাবে পোশাক রপ্তানিতে ধস
০৪/০৪/২০২৬
