গোপালপুর উপজেলা যুবদল নেতাকে বহিষ্কার
যৌন নিগ্রহের মামলায় আসামি

দৃষ্টি রিপোর্ট:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেনকে (রাবন) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এক তরুণীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুলাল হোসেনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী তরুণী। শুক্রবার(১৫ মে) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে দুলাল হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম সরকার (মুন্না) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম ইতিমধ্যে এই বহিষ্কারের এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
মামলার বিবরণ ও যৌননিগ্রহের শিকার ওই তরুণী(২২) জানান, গত ১ ফেব্রুয়ারি ও ১ এপ্রিল দুই দফা তিনি যৌন নিগ্রহের শিকার হন। প্রথম দিন যৌন নিগ্রহের দৃশ্য দুলালের সহযোগী উপজেলা ছাত্রদলের স্থগিত কমিটির সভাপতি রোমান আহমেদ মোবাইলফোনে ভিডিও ধারণ করেন। এরপর ৩ এপ্রিল ওই তরুণী গোপালপুর থানায় মামলা করতে যান, কিন্তু পুলিশ তখন মামলা নেয়নি বলে অভিযোগ তরুণীর। পরে ১৩ এপ্রিল টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই তরুণী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালতের বিচারক আ ন ম ইলিয়াস অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য গোপালপুর থানার ওসিকে নির্দেশ দেন। পরে গোপালপুর থানা পুলিশ ১৫ এপ্রিল মামলাটি এফআইআর (রেকর্ড)ভুক্ত করে।
এদিকে, ওই তরুণীর পরিবারের দুই সদস্য নোটারি পাবলিকের মাধ্যমে অ্যাফিডেভিট করে যৌন নিগ্রহের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।
ওই তরুণীর অভিযোগ, আসামিরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তাঁকে নানাভাবে হুমকি দিচ্ছেন। তাই নিরাপত্তাহীনতার কারণে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।
সম্পর্কিত খবর

সাংস্কৃতিক নগরী গড়ে তুলতে টাঙ্গাইলের ঐতিহ্য পুনরুদ্ধার করতে হবে :: প্রতিমন্ত্রী টুকু
১৫/০৫/২০২৬

ভাসানী বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য শহিদুল ইসলাম
১৫/০৫/২০২৬

ভাসানী বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের তিন বন্ধুর পদোন্নতি
১৫/০৫/২০২৬

সড়কের মাঝ থেকে বৈদ্যুতিক খুঁটি অপসারণ
১৩/০৫/২০২৬

হামে আক্রান্ত শিশুকে জলাতঙ্কের ভ্যাকসিন পুশ!
১৩/০৫/২০২৬

কাল টাঙ্গাইলের ইতিহাসে এক হৃদয়বিদারক দিন
১২/০৫/২০২৬
